
আন্তর্জাতিক ডেস্ক
হজ উপলক্ষে পবিত্র মক্কার চারপাশ ঘিরে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পাসপোর্ট অথবা আকামা (কাজের অনুমতিপত্র) দেখানো ছাড়া মক্কায় প্রবেশ করা যায় না। পথঘাটে চলছে তল্লাশি। তাই সঙ্গে পরিচয়পত্র রাখতে হয়।
জেদ্দা থেকে মক্কা যাওয়ার পথে গেটের কাছে লেখা ‘নো এনট্রান্স ফর নন–মুসলিম’। মক্কায় অমুসলিমরা প্রবেশ করতে পারে না। সব সময় তটস্থ থাকেন পুলিশ।
মক্কায় প্রবেশমুখে গাড়ি, কাগজপত্র ও হজ ভিসা তল্লাশি করা হয়। এগুলো থাকলে প্রবেশের অনুমতি মেলে। তাই হজযাত্রীদেরও বাইরে বের হলে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হয়।
মসজিদুল হারামের (কাবা শরিফ) নিরাপত্তার জন্য এর ভেতরে ও বাইরে অসংখ্য ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা ও নিরাপত্তার যন্ত্রপাতি বসানো আছে। মুসল্লিদের নিরাপত্তার জন্য সাদাপোশাকে ও পোশাক পরা পুলিশ এবং গোয়েন্দা সংস্থার লোকজন মসজিদের প্রবেশপথে এবং ভেতরে বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেন। মসজিদের ভেতর চিকিৎসাসেবা কেন্দ্রে পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী ও বাইরে সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স থাকে।
