
আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তান সীমান্তে ২৫ হাজার নতুন সেনা মোতায়েন করেছে ভারত। রাজস্থান ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তে এসব সেনা মোতায়েন করা হয়েছে। সরকারি কর্মকর্তাদের বরাতে স্থানীয় পত্রিকাগুলো এমন তথ্যই দিয়েছে। খবর স্পুটনিকের।
গত ৩১ জুলাই ইসলামাবাদে ভারতীয় দূতকে তলব করে নিয়ন্ত্রণ রেখা বরাবর বিভিন্ন সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রবিরতি লঙ্ঘনের প্রতিবাদ জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে ৩০ জুলাই সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর গোলাবিনিময়ে অন্তত তিন সেনা নিহত হয়েছেন।
উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরে স্থানীয় এক তরুণের আত্মঘাতী হামলায় ৪০ ভারতীয় সেনা নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ ওই হামলার দায় স্বীকার করেছে। ফেব্রুয়ারিতেই পাকিস্তানের বালাকোটের বাইরে বোমা হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী। পরবর্তীতে দুই দেশের মধ্যে এক পশলা আকাশযুদ্ধে এক ভারতীয় বিমান চালক পাকিস্তানে আটক হন। যদিও শান্তির নিদর্শন হিসেবে তাকে ফেরত পাঠান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
