‘জয় শ্রীরাম’ বলা নিয়ে বিবাদে জড়ালো স্কুল শিক্ষার্থীরা, আহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

এবার ‘জয় শ্রীরাম’ বলা নিয়ে বিবাদে জড়ালো স্কুল শিক্ষার্থীরা। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এলাকার এক স্কুলে এ ঘটনা ঘটেছে। বিবাদের একপর্যায়ে মারামারিও হয়। আর তাতে আহত হয়েছে তিনজন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।

জানা যায়, কয়েক দিন ধরেই ‘জয় শ্রীরাম’ ধ্বনি ঘিরে উত্তপ্ত ছিল রঘুনাথগঞ্জের শ্রীকান্তবাটি এলাকা। ঘটনার দিন শ্রীকান্তবাটি হাইস্কুলে ক্লাস অফ থাকায় কয়েকজন ছাত্রছাত্রী গল্প করছিল । সে সময়ই একদল ছাত্রের সঙ্গে আরেক দল ছাত্রের আচমকা ‘জয় শ্রীরাম’ বলা নিয়ে তর্ক-বিতর্ক বেঁধে যায়। সেখান থেকে শুরু হয় মারপিট। প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকেরা অফিস ঘর থেকে ছুটে এসে পরিস্থিতি সামাল দেন।

এ ঘটনার প্রতিবাদ করায় ভূগোলের শিক্ষক প্রকাশ মন্ডলকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে স্কুলের ছাত্র ও কয়েকজন বহিরাগতদের বিরুদ্ধে।

আহত ছাত্র এবং শিক্ষককে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, এ ঘটনা চাউর হতেই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। হাজার খানেক মারমুখী বিক্ষোভকারী জড়ো হয়ে ওমরপুরে ৩৪নং জাতীয় সড়ক অবরোধ করেন। পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

ঘটনা প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক উৎপল মণ্ডল জানান, ‘এক ছাত্রের ‘জয় শ্রীরাম’ বলা নিয়ে বাদানুবাদ শুরু হয়ে সহপাঠীদের সঙ্গে। সেখান থেকে মারপিট বেঁধে গেলে তিন জন ছাত্র সামান্য আহত হয়। সকলকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়। যদিও প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়।’

এই ঘটনার জেরে স্কুলের প্রধান শিক্ষকের নির্দেশে আগামী ১৫ আগস্ট পর্যন্ত স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগের সংবাদপুরুষ অভিভাবক ছাড়াই বিদেশ সফরের অনুমতি পেলো সৌদি নারীরা
পরবর্তি সংবাদএনআরসি : জেলাভিত্তিক বাদ পড়াদের হিসাব দিলো আসাম সরকার