কী হতে যাচ্ছে কাশ্মীরে?

আন্তর্জাতিক ডেস্ক

হিন্দু তীর্থযাত্রীদের অবিলম্বে কাশ্মীর ছাড়ার নির্দেশ দিয়েছে সেখানকার রাজ্য সরকার। কাশ্মীরের স্বাধীনতাকামীরা বড় ধরনের হামলার পরিকল্পনা করছে, এমন গোয়েন্দা প্রতিবেদনের পর রাজ্য সরকার এ নির্দেশনা জারি করল। খবর ইন্ডিয়া টুডে।

জম্মু-কাশ্মীর প্রশাসন শুক্রবার এক বিবৃতিতে জানায়, গোয়েন্দা সূত্রে জানা গেছে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে কাশ্মীরের স্বাধীনতাকামীরা। মূলত অমরনাথ যাত্রীরাই তাদের নিশানায় রয়েছেন। উপত্যকায় এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে অমরনাথ যাত্রী এবং পর্যটকদের নিরাপত্তাকেই প্রাধান্য দেয়া হচ্ছে। তাই যত শিগগির সম্ভব ছুটি কাটছাঁট করে নিরাপদে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

এদিন সকালে ভারতীয় সেনাবাহিনী এবং রাজ্য পুলিশ এক যৌথ সংবাদ সম্মেলনে স্বাধীনতাকামীদের হামলার সম্ভাবনার কথা জানায়। সেনাবাহিনী ও পুলিশের ওই যৌথ সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টা পরই রাজ্য সরকার তীর্থযাত্রী ও পর্যটকদের জন্য এ নির্দেশনা জারি করে।

এদিকে রাজ্য সরকারের এমন সিদ্ধান্তে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স (এনসি)-এর নেতা ওমর আবদুল্লাহ।

এক টুইট বার্তায় তিনি লিখেন, একটা কথা কিছুতেই আমার মাথায় ঢুকছে না! উপত্যকার পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে তা বোঝাতে সম্প্রতি বহু অর্থ খরচ করে দেশ-বিদেশের সাংবাদিকদের উড়িয়ে এনেছিল সরকার। কত সুষ্ঠুভাবে যাত্রা সম্পন্ন হচ্ছে তা দেখিয়েছিল। আর তার পরই তীর্থযাত্রী এবং পর্যটকদের চলে যেতে বলে এই নির্দেশিকা!

উল্লেখ্য, তিনটি পরপর ঘটনা, যার যোগসূত্র ধরে কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি খানিকটা হলেও অনুমান করা যায়। প্রথমত, জাতীয় উপদেষ্টা অজিত দোভালের কাশ্মীর সফর। তারপরই দিল্লির তরফে ১০ হাজার সেনা মোতায়েন। আর সীমান্তের ওপারে, পাকিস্তান সীমান্তসংলগ্ন এলাকায় সতর্কতা জারি।

এর পরপর তিনটি ঘটনার জেরে সহজেই অনুমেয় যে ভূস্বর্গ কাশ্মীর নিয়ে মোটেও চুপচাপ বসে থাকতে রাজি নয় ভারতের দ্বিতীয় মোদি সরকার। আর এরপরই বৃহস্পতিবার আরও ২৫ হাজার নিরাপত্তা রক্ষীকে কাশ্মীরে পাঠানো হয়। বিমান বাহিনীকেও পাঠানো হয়েছে সর্বোচ্চ সতর্কবার্তা। কাশ্মীরেও চলছে হাই অ্যালার্ট।

বাড়ি বাড়ি ঢুকে তল্লাশি চালাচ্ছে সেনারা। গোটা উপত্যকা এখন থমথমে। আসলে কী হতে যাচ্ছে কাশ্মীরে?

আগের সংবাদ‘জয় শ্রীরাম’ না বলায় হেফজখানার তিন শিক্ষার্থীকে মারধর, প্রাণনাশের হুমকি
পরবর্তি সংবাদবন্যার্তদের মাঝে আসহাবে কাহাফের ত্রাণ বিতরণ