
আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন, মার্কিন সেনারা মাত্র কয়েকদিনের মধ্যে আফগান যুদ্ধে জয়লাভ করার ক্ষমতা রাখে। তবে সেজন্য তাদেরকে কয়েক মিলিয়ন মানুষ হত্যা করতে হবে।
তালেবানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের চলমান আলোচনায় ‘অগ্রগতি’ হওয়ার খবর দিতে গিয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন। খবর পার্সটুডে।
গতকাল হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত প্রায় দুই দশক ধরে আফগানিস্তানের চোরাবালিতে আটকে পড়া মার্কিন সেনারা দুই, তিন অথবা চারদিনের মধ্যে এ যুদ্ধে জয়লাভ করতে পারে, কিন্তু আমি এক কোটি মানুষকে হত্যা করতে চাই না।
এদিকে গতকাল শনিবার আফগান সংসদের অধিবেশনে তালেবান-আমেরিকা সংলাপের ওপর আলোচনা করতে গিয়ে সংসদ সদস্যরা বলেছেন, তালেবান ও আমেরিকা চুক্তি করে আফগানিস্তানের যুদ্ধ ও সহিংসতার অবসান ঘটাতে পারবে না।
সংসদ অধিবেশনে যারা বিষয়টি নিয়ে কথা বলেন তাদের অন্যতম হলেন সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। তিনি তার বক্তব্যে বলেন, আফগানিস্তানে মার্কিন সেনা উপস্থিতির ১৮ বছর পর এখনো দেশে নিরাপত্তাহীনতা মূলত আমেরিকার পরাজয়েরই ইঙ্গিত বহন করে। তিনি বলেন, আফগানিস্তানের সরকারকে বাদ দিয়ে এবং ইরানসহ অন্যান্য প্রতিবেশী দেশকে উপেক্ষা করে যে আলোচনা চলছে তা সফল হতে পারে না।
উল্লেখ্য, এর আগে গতমাসেও মার্কিন প্রেসিডেন্ট এমনই মন্তব্য করেছিলেন।
