৯ বছরের শিশু জয় করল আফ্রিকার সর্বোচ্চ পর্বত

আন্তর্জাতিক ডেস্ক

আফ্রিকার সর্বোচ্চ পর্বত মাউন্ট কিলিমানজারো জয় করে চমকে দিয়েছে নয় বছরের ভারতীয় শিশু আদভাইত ভারতিয়া। খবর এনডিটিভি।

ভারতীয় টেলিভিশন এনডিটিভি এক অনলাইন প্রতিবেদনে জানিয়েছে, সমীর পাঠাম নামে এক ব্যক্তির নেতৃত্বে গত ৩১ জুলাই মাউন্ট কিলিমানজারো জয় করে আদভাইত। তার বাড়ি মহারাষ্ট্রের পুনে শহরে। আরেকটি তথ্য হলো, ২০১৬ সালে মাত্র ছয় বছর বয়সে মাউন্ট এভারেস্টের বেজ ক্যাম্প পর্যন্তও গিয়েছিল সে!

আদভাইত বলেছে, ‘কিলিমানজারোতে ট্রেকিং করা খুবই কঠিন কাজ ছিল, কিন্তু একই সঙ্গে অনেক মজাও হয়েছে। এভারেস্টের বেজ ক্যাম্পে তাও কাঠের ঘরে থাকতে পেরেছিলাম, কিলিমানজারোতে কেবল তাঁবুতে রাত কাটাতে হয়েছে। চারপাশে বরফ আর বরফ, এর মধ্যে তাঁবুতে সারা রাত! অভিজ্ঞতাটা দারুণ ছিল।’

আরও আগেই এই পর্বতের চূড়ায় উঠতে পারত দাবি করে আদভাইত বলে, ‘আমি আরও আগেই ট্রেকিং শেষ করতে পারতাম। কিন্তু পর্বতটা এত সুন্দর, আমি সেই সৌন্দর্য উপভোগ করতে করতে চূড়ায় উঠেছি।’

প্রাকৃতিক অক্সিজেনের স্বল্পতা ও মাইনাস ২১ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই তার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল বলে জানিয়েছে আদভাইত।

তার মা পায়েল ভারতিয়া জানিয়েছেন, ‘দুই মাস ধরে ও প্রতিদিন এক ঘণ্টা করে সাঁতার কাটত, ফুটবল, ক্রিকেট কিংবা টেনিস খেলে কার্ডিওভাস্কুলার ট্রেনিং করত, ১০০ সিঁড়ি ওঠানামা করত ও পার্কার (এক ধরনের সামরিক অনুশীলন) অনুশীলন করেছে।’

ছেলের সঙ্গে পর্বতাভিযানে গিয়েছিলেন মা-ও। কিন্তু উচ্চতাগত সমস্যার কারণে ১ হাজার ফুট ওঠার পর আর উঠতে পারেননি তিনি। ছেলের এমন কীর্তিতে দারুণ গর্বিত মা পায়েল, ‘যে নিষ্ঠা নিয়ে আদভাইত এই ট্রেকিং শেষ করেছে, আমি ওর জন্য ভীষণ গর্বিত।’

উল্লেখ্য, মাউন্ট কিলিমানজারো আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত। এটি উত্তর-পূর্ব তানজানিয়ায় কেনিয়া সীমান্তে অবস্থিত। কিলিমানজারো মূলত একটি মৃত আগ্নেয়গিরি। এর দুইটি শৃঙ্গ ১১ কিমি দূরত্বে অবস্থিত এবং একটি খাড়া ঢালের মাধ্যমে যুক্ত। সমুদ্রপৃষ্ঠ থেকে এই পর্বতের উচ্চতা ১৯ হাজার ৩৪১ ফুট উঁচু।
আগের সংবাদমন্দিরে ঢুকতে না দেয়ায় ইসলাম গ্রহণ করল ছয় পরিবার
পরবর্তি সংবাদমিরপুর ৭ নম্বর বস্তিতে আগুন