
আন্তর্জাতিক ডেস্ক
পার্লিসের পর এবার মালয়েশিয়ার কেদাহ রাজ্যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ডা. জাকির নায়েকের বক্তৃতায়। রোববার রাজ্যটির ধর্ম বিষয়ক কমিটি তার বক্তৃতার ওপর এ নিষেধাজ্ঞা জারি করে। খবর সিনার হ্যারিয়ান।
কেদাহ ধর্ম বিষয়ক কমিটির চেয়ারম্যান দাতুক ড. ইসমাইল সাল্লেহ বলেন, ‘জাকির নায়েককে যখন রাষ্ট্রীয় সীমান্তে স্বাগত জানানো হয়েছিল, তখন তিনি দেশটির ভেতর কোনো অনুষ্ঠানাদির সঙ্গে জড়িত ছিলেন না। আমরা লোকজনের ঐক্যবদ্ধতাকে বেশি অগ্রাধিকার দিচ্ছি। আমরা নিজেদের ভেতরকার ঐক্যকে ঝুঁকিতে ফেলতে চাই না।’
রোববার কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাকির নায়েকের উদ্দেশে দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, ’আপনি যদি কোনো ধর্মীয় বিষয়ে কথা বলতে চান তবে আপনাকে স্বাগত। এতে আপনাকে অনুমতি দেব। আর কাউকে আমরা থামাবো না। কিন্তু তিনি (জাকির) মালয়েশিয়ার রাজনৈতিক বিষয়ে বক্তব্য দিচ্ছেন। এটা খারাপ।’
উল্লেখ্য, এর আগে পার্লিসে ১৬-১৮ আগস্ট মালয়েশিয়া রিভার্টস ক্যাম্প নামে নওমুসলিমদের একটি সম্মেলনে জাকির নায়েকের বক্তৃতা নিষেদ করে স্থানীয় পুলিশ। অনুষ্ঠানটি মালয়েশিয়ায় ধর্মান্তরিত মুসলিমদের সবচেয়ে বড় সমাবেশ হিসেবে পরিচিত। এতে জাকির নায়েক ও তার ছেলে ফারিক ভাষণ দেয়ার কথা ছিল।
