
আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের শাসনাধীন আজাদ কাশ্মীর লক্ষ্য করে ভারতীয় সামরিক বাহিনী সীমান্ত লঙ্ঘন করে গুলি চালিয়েছে। এতে পাকিস্তানি দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো অন্তত একজন। সোমবার পাকিস্তান সরকারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, বিরোধপূর্ণ কাশ্মীর অঞ্চলে সীমান্ত লঙ্ঘন করে গোলাবর্ষণ করেছে ভারতীয় সামরিক বাহিনী। গুলিতে দু’জন নিহত ও একজন আহত হয়েছেন।
হিমালয় অঞ্চলের এই উপত্যকায় প্রায়ই দুই দেশের নিরাপত্তা বাহিনীর সদস্যদের মাঝে গোলাগুলির ঘটনা ঘটে। তবে প্রতিবেশি চিরবৈরী দেশ দুটির মাঝে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে গত ৫ আগস্ট। ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর উত্তেজনা নতুন মাত্রা পায়। দুই দেশই পাল্টাপাল্টি পারমাণবিক হামলার হুমকি দিয়ে আসছে।
