এবার মালয়েশিয়ার সব প্রদেশেই নিষিদ্ধ হলেন ডা.জাকির নায়েক

আন্তর্জাতিক ডেস্ক

আগে মালয়েশিয়ার সাত প্রদেশে বক্তৃতা দেয়ায় নিষেধাজ্ঞা থাকলেও এবার দেশটির সব প্রদেশেই নিষিদ্ধ হলেন ডা.জাকির নায়েক।

জাতীয় নিরাপত্তার স্বার্থেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার পুলিশ। এর আগে দেশটির জোহর, সেলাংগর, পেনাং, কেদাহ, পেরলিস, সারাওয়াক এবং মেলাকা প্রদেশে তার বক্তৃতা দেয়ার ওপর নিশেধাজ্ঞা আনা হয়।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে মালয়েশিয়ায় বসবাসরত ভারতীয় হিন্দু এবং চীনাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন জাকির নায়েক। ওই অনুষ্ঠানে তিনি মালয়েশিয়ায় বসবাসরত চীনা বংশোদ্ভূত নাগরিকদের দেশে ফিরে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন যে, ভারতের সংখ্যালঘু মুসলিমদের চেয়ে মালয়েশিয়ার সংখ্যালঘু হিন্দুরা ১০০ গুণ বেশি অধিকার ভোগ করছেন। তার এমন মন্তব্য ঘিরেই মালয়েশিয়ায় বিতর্ক শুরু হয়।

এদিকে, নিজের বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে জাকির নায়েক বলেন, আমি মোটেই বর্ণবাদী নই। সমালোচকরা আমার বক্তব্যকে ভুলভাবে নিয়েছেন এবং আমার বক্তব্যে মনগড়া কথা যোগ করা হয়েছে। যদিও আমি আমার বক্তব্য পরিষ্কার করেছি। কিন্তু তবুও আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তবে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। এখানে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। আমি কারো অনুভূতিতে আঘাত করতে চাই না। কোনো ব্যক্তি বা সম্প্রদায়কে আঘাত করাটা কখনোই আমার উদ্দেশ্য ছিল না। এটা ইসলামের মূল শিক্ষার পরিপন্থি।

 

আগের সংবাদসমালোচকরা আমার বক্তব্যকে ভুলভাবে নিয়েছেন : ডা.জাকির নায়েক
পরবর্তি সংবাদআজ পালিত হচ্ছে বিশ্ব মশা দিবস