
ফাতেহ ডেস্ক
আসামের অবৈধ অভিবাসীর ইস্যুটি ভারতের একান্তই অভ্যন্তরীণ ব্যাপার বলে মন্তব্য করেছেন বাংলাদেশে সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
আজ মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সাথে দ্বিপক্ষীয় এক বৈঠক শেষে দুপুর পৌণে ১টার দিকে যৌথ সংবাদ সম্মেলনে এসে তিনি এ কথা বলেন। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করেন দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকটি সকাল ১১টায় শুরু হয়ে শেষ হয় দুপুর সাড়ে ১২টায়।
রোহিঙ্গা ইস্যুতে জয়শঙ্কর বলেন, বিষয়টি ভারত, বাংলাদেশ ও মিয়ানমারের জাতীয় স্বার্থ রক্ষা করেই সুরাহা করতে হবে।
তিস্তার পানি প্রসঙ্গে তিনি বলেন, তিস্তাসহ ভারত-বাংলাদেশ অভিন্ন নদীগুলোর ইস্যু সমাধানে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, আসামের প্রায় ৪০ লাখ নাগরিককে ভারত সরকার অবৈধ বাংলাদেশী অভিবাসী হিসেবে দাবি করে আসছে।
