ইস্তেগফার এবং তাওবা মুমিনের রিজিক বৃদ্ধি করে

ফাতেহ ডেক্স: তাওবা এর শাব্দিক অর্থ হচ্ছে- অনুতপ্ত হওয়া, ফিরে আসা, প্রত্যাবর্তন করা। আর পারিভাষিকভাবে গুনাহ করার পর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করা ও উক্ত গুনাহের কাজ বর্জন ও তা পূণরায় না করার দৃঢ় অঙ্গিকার করাকে তাওবা বলে।অপরদিকে ইস্তিগফার মানে হলো ক্ষমা প্রার্থনা করা। তওবা ও ইস্তিগফার আল্লাহ তাআলার অতি পছন্দের একটি ইবাদত। এ সম্পর্কে বুখারি শরীফের এক হাদিসে এসেছে রাসূল (সাঃ) বলেনঃ যদি কোন পথচারী মরুভূমির মধ্যে নির্জন স্থানে উট বেধে রেখে ক্লান্ত হয়ে বিশ্রাম নিয়ে ঘুম থেকে উঠে দেখে তার উট, ও গচ্ছিত খাবার-দাবার উধাও হয়ে গেছে। মৃত্যুর প্রহর গুনতে গুনতে আবার ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে দেখে তার হারানো উট ফিরে এসেছে এবং তার খাবার দাবার ও তার কাধে রয়েছে। এটা দেখে সে যত খুশি হয় আল্লাহ তায়ালা কোন বান্দার তাওবাতে তার চেয়ে অনেক বেশী গুণে খুশি হন।

ইস্তেগফার কিংবা তাওবার মাধ্যমে যে মুমিন কেবল তার স্রষ্টার সন্তুষ্টি অর্জন করে তা নয় বরং এর মাধ্যমে রিজিকও বৃদ্ধি হয়!পবিত্র কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ‘অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা কর। তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অবিরাম বৃষ্টিধারা প্রেরণ করবেন, তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি বাড়িয়ে দিবেন, তোমাদের জন্যে উদ্যান তৈরি করবেন এবং তোমাদের জন্যে নদী-নালা প্রবাহিত করবেন।’ (সুরা নুহ: ১০-১২)

এই আয়াতে বৃষ্টি, সন্তান-সন্তুতি, নদী-নালা ও বাগান ইত্যাদির কথা বলা হয়েছে, যা রিযিকের পাবার মাধ্যম।আমরা সবাই প্রতিদিন অনেক গুণাহ করে ফেলি। অতএব আমাদের উচিত বেশি বেশি করে ইস্তেগফার করা, প্রতিদিন তওবা করা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিনে ১ শতবার তওবা করতেন। কিন্তু আমরা আজ তাওবার মাঝেও অবহেলা করি প্রতিনিয়ত। আমাদের ধ্যান-ধারণায় মিশে আছে তাওয়া কিংবা ইস্তেগফার শুধু হাত তুলে মুখে কিছু দোয়া-দুরুদ পড়লেই বুঝি তা হয়ে যায়। কিন্তু আসলে তা নয় বরং এটি অন্তরের সাথে সম্পর্কিত বিষয়।তওবার জন্য মুমিনের করণীয় হলো, স্বীয় কৃতকর্মের প্রতি লজ্জিত ও অনুতপ্ত হওয়া, সেই অপরাধ আর না করার দৃঢ় প্রত্যয় ও সংকল্প গ্রহণ করা এবং নেক আমলের প্রতি বেশিমাত্রায় মনোযোগী হওয়া। এভাবে যদি আমরা আমাদের তাওবা ও ইস্তেগফারকে যথাযথভাবে পালন করতে পারি তবে অবশ্যই আল্লাহ আমাদেরকে তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী রিজকি বৃদ্ধি করবেনই।

আগের সংবাদমার্কিন বিশ্লেষকদের তথ্যানুযায়ী ২০৭০ সালের মধ্যে শীর্ষ ধর্ম হবে ইসলাম  
পরবর্তি সংবাদএ বছর ১ লাখ ২৭ হাজার জন হজযাত্রী যাবেন হজে