উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি, দেশে ফিরতে দুর্ভোগে হাজিরা

ফাতেহ ডেস্ক

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ বিকল হয়ে ঝুলে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে। যে কারণে হজ ফ্লাইট পরিচালনায় বিশেষ সমস্যায় পড়েছে বিমান। উড়োজাহাজটি হঠাৎ করে গ্রাউন্ডেড হওয়ায় এর প্রভাব পড়েছে ফিরতি হজ এবং নিয়মিত জেদ্দা-রিয়াদের শিডিউল ফ্লাইটে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, এ বছর হজযাত্রীদের পরিবহনে বিমান নিজস্ব চারটি বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ ব্যবহার করছে। একেকটি ফ্লাইট ৪১৯ জন যাত্রী পরিবহনে সক্ষম। একটিতে যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত ফ্লাইটে দেশে ফিরতে পারছেন না হাজিরা। দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের।

এ প্রসঙ্গে বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, ‘একটি উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটির কারণে কিছু সংখ্যক হাজিকে সময়মতো ঢাকায় ফেরত আনা বিঘ্নিত হয়েছে। বিমান তার নিজস্ব ব্যবস্থাপনায় এবং নিজ খরচে হাজিদের প্রয়োজনীয় সব সহযোগিতা প্রদান করে দ্রুত ঢাকায় আনার ব্যবস্থা করছে। হাজিদের আত্মীয়-স্বজনদের উদ্বিগ্ন না হতে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট সবার কাছে বিমান আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’

তবে উড়োজাহাজটি কবে নাগাদ ঠিক হবে তা জানাতে পারেননি তাহেরা খন্দকার।

এ বিষয়ে বিমানের প্রকৌশল বিভাগের ঊর্ধ্বতন এ কর্মকর্তা জানান, গ্রাউন্ডেড থাকা বোয়িং ৭৭৭-৩০ইআর (এটুএএইচএম) উড়োজাহাজটির ইঞ্জিনে সমস্যা দেখা গেছে। এ বিষয়ে নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বোয়িং কর্তৃপক্ষ ইঞ্জিন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। জার্মানি থেকে ইঞ্জিন আনার প্রক্রিয়াও চলছে। আশা করা যাচ্ছে আগামী মাসের প্রথম সপ্তাহেই উড়োজাহাজটি উড্ডয়নযোগ্য হবে।

উল্লেখ্য, গত ১৭ আগস্ট থেকে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে, চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

আগের সংবাদদেশে ফিরেছেন ৩৮ হাজার ৬১৬ জন হাজি
পরবর্তি সংবাদকাশ্মীরে স্বাধীনতার ডাক, ৫ দফা কর্মসূচি ঘোষণা