এনআরসি : আসামে কড়া সতর্কতা, সোশ্যাল মিডিয়ার নজরদারিতে পুলিশ ইউনিট

আন্তর্জাতিক ডেস্ক

আর মাত্র কয়েকদিন। ৩১ আগস্ট আসামে প্রকাশিত হচ্ছে এনআরসি’র চূড়ান্ত তালিকা। নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পর রাজ্যে কোথাও যাতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেজন্য গোটা রাজ্যজুড়ে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছে আসাম সরকার। রাজ্যজুড়ে জারি করা হয়েছে চুড়ান্ত সতর্কতা।

রাজ্য পুলিশ বিশেষ ইউনিট তৈরি করেছে, যারা মূলত সোশ্যাল মিডিয়ার উপর নজর রাখবে। সেখানে যাতে কেউ ভুয়া খবর ছড়িয়ে আতংক তৈরি করতে না পারে সেজন্য এই পদক্ষেপ। এছাড়াও আইনজীবী থেকে শুরু করে সমাজকর্মী, রাজনীতিবিদ, সাংবাদিক, ছাত্রনেতা প্রত্যেকের উপর নজর রাখা হবে। এনআরসি নিয়ে তারা গুজব ছড়িয়ে আতংক তৈরি করছে কিনা সেদিকে নজর রাখা হবে।

সম্প্রতি এ নিয়ে একাধিক বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী সর্বনন্দ সানোয়াল। এনআরসি তালিকা প্রকাশিত হওয়ার দিন ও তার পরবর্তী সময়ে রাজ্যে নিরাপত্তার বন্দোবস্ত নিয়ে খবর নেন। মুখ্যমন্ত্রী সব জেলার পুলিশ সুপার ও সহকারি কমিশনারদের তলব করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্প্রতি প্রকাশ করা বিজ্ঞপ্তিটি সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য। যেখানে বলা হয়েছে তালিকায় নাম না থাকা মানেই কেউ বিদেশি নন। ট্রাইবুনালে যাওয়ার সুযোগ রয়েছে। বিচারপর্ব চলবে। সেখানে নাগরিকত্ব প্রমাণ করতে না পারলে তবেই বিদেশি বলে ঘোষণা করা হবে।

অসমে এমনিতেই খসড়া তালিকায় ৪১ লক্ষ জনতার নাম বাদ যাওয়া নিয়ে চুড়ান্ত ভীতির পরিবেশ তৈরি হয়েছে। মনে করা হচ্ছে, তালিকা প্রকাশিত হওয়ার পর রাজ্যে অরাজকতার পরিস্থিতি তৈরি হতে পারে। সেই ভাবনা থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিজ্ঞপ্তি জারি করেছে বলে মনে করা হচ্ছে।

আগের সংবাদমক্কায় আরও এক বাংলাদেশি হাজির মৃত্যু
পরবর্তি সংবাদচেচনিয়ায় নির্মিত হলো ইউরোপের সবচেয়ে বড় মসজিদ