সময় সচেতনতায় আসছে ফেসবুকের নতুন ফিচার

আইটি প্রতিবেদক: ফেসবুকে ব্যবহারকারী দৈনিক কতটা সময় ব্যয় করেন তা জানাতে নতুন ফিচার চালু করেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটি। ‘ইওর টাইম অন ফেসবুক’ নামের ফিচারের মাধ্যমে গ্রাহক সপ্তাহের প্রতিদিন কতটা সময় ফেসবুকে ব্যয় করছেন তা জানানো হবে।এর পাশাপাশি ব্যবহারকারীর ফেসবুকে দৈনিক গড় সময় কত তা জানা যাবে এই ফিচারটি দিয়ে। খবর আইএএনএসের।

প্রতিবেদনে বলা হয়, নতুন এই ফিচারে গ্রাহককে ফেসবুক ব্যবহারের একটি সময়সীমা ঠিক করে নেয়ার সুযোগও দেয়া হবে। আর ফেসবুক নোটিফিকেশন নিয়ন্ত্রণ করার একটি লিঙ্কও পাবেন গ্রাহক।

ফেসবুকের এক মুখপাত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গ্রাহকের ফেসবুকে ব্যয় করা সময়টা যাতে ভালো কাটে তা নিশ্চিত করতে আমরা সব সময় কাজ করছি। এর আগে কম্পিউটার এবং স্মার্টফোনে ব্যয় করা সময়ের হিসাব দেখাতে একই ধরনের ফিচার উন্মুক্ত করেছে অ্যাপল এবং গুগলের মতো প্রতিষ্ঠানগুলো।

প্রতিবেদনে আরো বলা হয়, যেহেতু আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয়ই ডিভাইস ব্যবহারের সময় পর্যবেক্ষণ করতে নিজস্ব ড্যাশবোর্ড উন্মুক্ত করেছে, ফেসবুকের এই পদক্ষেপটি তাই গুরুত্বপূর্ণ। আইওএস এবং অ্যান্ড্রয়েড ড্যাশবোর্ডে গ্রাহক দেখতে পারেন কোনো অ্যাপগুলোতে তাদের বেশি সময় যাচ্ছে। গ্রাহককে এ বিষয়ে সতর্কবার্তা দিতে পারে ডিভাইসগুলো। আর সময়সীমা অতিক্রম করলে গ্রাহককে লক করে দেয়া হয়।

ফেসবুকের দাবি ফিচারটি এখনও উন্নয়নের মধ্যে রয়েছে। আপাতত কিছুসংখ্যক গ্রাহকের জন্য এটি উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। তবে সব গ্রাহকের জন্য ফিচারটি উন্মুক্ত করা হবে কিনা তা সময় সাপেক্ষ্য বলেছেন সংশ্লিষ্ট সেই কর্মকর্তা।

ফেসবুকের নতুন এই ফিচার সময় সচেতন মানুষের জন্য কল্যানকর হবে বলে মন্তব্য করেছেন রাজধানীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের আইসিটি বিভাগীয় প্রধান প্রফেসর হেলাল উদ্দীন। তিনি জানান কর্মব্যস্ত মানুষের সময়ের বড় একটি অংশ ধ্বংস করে দিচ্ছে এই ফেসবুক। সময় সম্পর্কে সচেতন মানুষগুলো এখন তাদের নষ্ট হওয়া সময়ের হিসাব রাখতে পারবে বলে তার বিশ্বাস।

 

আগের সংবাদআজ বিকালে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
পরবর্তি সংবাদনিয়মিত নামাজ অাদায়ে কাটে বিষণ্নতা