
ফাতেহ ডেস্ক
আসামের নাগরিক তালিকা থেকে বাদ পড়া কেউ বাংলাদেশি নন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। শনিবার ভারতের নিউজ চ্যানেল টাইমস নাউকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি।
নাগরিক তালিকা থেকে বাদ পড়া লোকেরা বাংলাদেশি কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘আমি এটা মনে করি না। যদি কোনো বাংলাদেশি থেকেও থাকেন তারা ১৯৪৭ সালের কিংবা ১৯৭১ সালের পূর্বে সেখানে গেছেন। ফলে তারা বছরের পর বছর ধরে সেখানে বাস করছেন। আমি তাদের বাংলাদেশি বলে মনে করি টিঙই
মোমেন বলেন, বাংলাদেশিদের ভারতে যাওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশ অনেক ভালো করছে। ফলে কোনো বাংলাদেশির ভারতে যাওয়ার আগ্রহ নেই। বাংলাদেশে জীবনযাত্রার ব্যয়ের চেয়ে মাথাপিছু আয় অনেক বেশি। ফলে বাংলাদেশিদের ভারতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, ‘নাগরিক তালিকাতে প্রথমে বলা হয়েছিল ৮০ লাখ তালিকার বাইরে আছে। তারপর তা কমে ৪২ লাখ হয়েছিল। এখন দেখা যাচ্ছে ১৯ লাখ। ফলে তালিকার বাইরে থাকা লোকের সংখ্যা কমে আসছে। এটা ইতিবাচক দিক। আমাদের আশা থাকবে তালিকায় তা শূন্যে নেমে আসবে।’
অধ্যাপক দেলোয়ার আরও বলেন, ‘পুরো বিষয়টা এখনও চলমান। বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের জায়গায় আসেনি। বরং ভারতের অভ্যন্তরে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বাম দলগুলো নাগরিকপঞ্জি করার বিরোধিতা করছে। ফলে বিষয়টা ভারতের অভ্যন্তরীণ। এ নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তবে পুরো বিষয়টা আমাদের পর্যবেক্ষণ করতে হবে।’
