কাশ্মীরে নিরাপত্তার নামে ‘দমন-পীড়ন’ চালাচ্ছে ভারত সরকার : বার্নি স্যান্ডার্স

আন্তর্জাতিক ডেস্ক

কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন মার্কিন সেনেটর তথা ২০১৬ এর প্রেসিডেন্ট পদপ্রার্থী বার্নি স্যান্ডার্স। তার অভিযোগ, নিরাপত্তার নামে কাশ্মীর উপত্যকায় ‘দমন-পীড়ন’ চালাচ্ছে ভারত সরকার। এর বিরুদ্ধে মার্কিন প্রশাসনের প্রতিবাদ করা উচিত বলেও দাবি তোলেন তিনি।

শনিবার এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘জম্মু-কাশ্মীরে স্বায়ত্তশাসন বিলোপ করেছে ভারত সরকার। ভিন্ন মত পোষণকারীদের বিরুদ্ধে দমননীতি নেওয়া হচ্ছে। সমস্ত যোগাযোগ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি স্বাস্থ্য পরিষেবাটুকুও পাচ্ছেন না কাশ্মীরবাসী। উপত্যকার এমন পরিস্থিতিতে আমি উদ্বিগ্ন।’

বার্নি স্যান্ডার্সের মতে, ‘এভাবে যোগাযোগ পরিষেবা বন্ধ করে দেওয়া একেবারেই কাম্য নয়। অবিলম্বে অবরোধ তুলে নিতে হবে। আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং কাশ্মীরবাসীর ইচ্ছার সমর্থনে রাষ্ট্রপুঞ্জের যে নিয়ম-নীতি রয়েছে, তা মেনে এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত মার্কিন সরকারের।’

উল্লেখ্য, কয়েক দিন আগেই জি-৭ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে কাশ্মীর ইস্যুতে ভারতের পাশে দাঁড়িয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যস্থতার প্রসঙ্গ এড়িয়ে আলাপ-আলোচনার মাধ্যমে দুই দেশ ‘খুব ভাল সমাধান’ এর পথ বের করতে পারবে বলেও আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।

আগের সংবাদমাদরাসাতুল মারওয়াহ’র বছরপূর্তিতে দোয়া অনুষ্ঠান
পরবর্তি সংবাদকুমিল্লায় সড়ক দুর্ঘটনায় এএসআইসহ নিহত ৩