
ফাতেহ ডেস্ক
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই মোদি সরকারের উদ্দেশ্যে বলেছেন, আসামে ১৯ লাখ লোকের নাগরিকত্ব নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করুন। আসামের এসব নাগরিক রাতারাতি অন্য কোন দেশ থেকে ভেসে আসেনি। আসামের সার্বিক উন্নয়নে যুগ যুগ ধরে এসব নাগরিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কথিত এনআরসি’র মাধ্যমে এসব লোকদের নাগরিকত্ব বাতিলের ষড়যন্ত্র বিশ্ববাসী মেনে নেবে না।
গতকাল সোমবার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই আরও বলেন, ভারতের আসাম রাজ্যে বিতর্কিত চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি) প্রকাশ নরেন্দ্র মোদি-অমিত শাহ’র নীলনকশা বাস্তবায়নের অংশ। আসামের ১৯ লাখ বাংলাভাষী হিন্দু ও মুসলিম নাগরিককে পরিচয়হীন ও রাষ্ট্রহীন মানুষে পরিণত করা হয়েছে। বিজেপি’র এই উদ্যোগ চরম জাতি বিদ্বেষী আচরণ। তিনি এই ব্যাপারে বাংলাদেশ সরকারকে স্পষ্ট অবস্থান নিয়ে নাগরিকপঞ্জি থেকে বাদ দেয়া ১৯ লাখ ভারতীয়কে তাদের নাগরিক অধিকার নিশ্চিত করতে ভূমিকা রাখার আহ্বান জানান।
এদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদও এক বিবৃতিতে আসামে বাদ দেয়া ভারতীয় লোকদের নাগরিক অধিকার পুনর্বহালের জোর দাবি জানিয়েছেন।
