লালমনিরহাটে বাল্যবিয়ের ‘অভিযোগে’ কনের বাবাসহ তিনজন কারাগারে!

ফাতেহ ডেস্ক

বাংলাদেশের আইনে যদিও মেয়ের বিয়ের বয়স হয়নি, কিন্তু মেয়েকে বিয়ের উপযুক্ত মনে করেছে পরিবার, এবার পাত্রস্থ করার জন্য বিয়ের সব প্রস্তুতিও প্রায় সম্পন্ন। এমন সময় বাড়িতে পুলিশ এসে হাজির। বাল্যবিয়ের অভিযোগে কনের বাবা, বিয়ের কাজী ও ঘটককে তুলে নিয়ে যাওয়া হয় থানায়। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে লালমনিরহাট জেলার হাতীবান্ধার আরাজি শেখ সুন্দর এলাকায়।

পরে আজ বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের রায়ে আটক তিনজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল দিবাগত রাতে হাতীবান্ধার আরাজি শেখ সুন্দর এলাকায় বিয়ে বাড়িতে পুলিশসহ উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন। এ সময় বাল্যবিয়ের প্রস্তুতির জন্য তাদের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, হাতীবান্ধার নিজ শেখ সুন্দর এলাকার নিকাহ রেজিস্ট্রার (কাজী) শফিকুল ইসলাম, কনের বাবা আলতাব হোসেন ও বিয়ের ঘটক ঠাংঝাড়া এলাকার মোশারফ হোসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক। তিনি জানান, আরাজি শেখ সুন্দর এলাকায় একটি বাল্যবিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে ইউএনও সামিউল আমিনসহ একদল পুলিশ ওই বিয়ে বাড়ি যায়। এসময় বরসহ তার লোকজন পালিয়ে গেলেও কাজী, বিয়ের ঘটক ও কনের বাবাকে আটক করে পুলিশ।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ওই আদালতের বিচারক সামিউল আমিন প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন। আজ তাদের কারাগারে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

আগের সংবাদবান্দরবানে ছেলের হাতে খুন হলেন বাবা
পরবর্তি সংবাদমাদরাসায় ক্লাস চলাকালে কিশোর ছাত্রকে আটক করে নিয়ে গেল পুলিশ