
আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানের রাজধানী কাবুলে ন্যাটোর হেডকোয়ার্টার ও মার্কিন দূতাবাসের কাছে বোমা বিস্ফোরণের ঘটনার দায় স্বীকার করেছে তালেবান। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, এ হামলায় অন্তত ১২ জন বিদেশি সেনা প্রাণ হারিয়েছে। খবর ভয়েস অব আমেরিকা ও সিবিসির।
তবে ন্যাটোর এক বিবৃতিতে দাবি করা হয়েছে, এই বিস্ফোরণে ৭ জন নিহত হয়েছেন। আহত আরও কমপক্ষে ২৮ জন। নিহতদের মধ্যে দুই জন মাত্র ন্যাটো সেনা। একজন আমেরিকান আর অন্যজন রোমানিয়ার। নিহত অপর পাঁচজন বেসামরিক আফগান নাগরিক।
এর আগে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল বিস্ফোরণে ১০ জন প্রাণ হারিয়েছে। এছাড়া অন্তত ১০টি ব্যক্তিগত গাড়ি ধ্বংস হয়েছে। বোমাটি একটি গাড়িতে পেতে রাখা ছিল বলে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি চুক্তি প্রায় চূড়ান্ত হওয়ার পথে বলে খবর প্রকাশিত হওয়ার কয়েক দিনের মধ্যেই এ বিস্ফোরণ ঘটল।
