
ফাতেহ ডেস্ক
কক্সবাজারে বেসরকারি সংস্থা শেডের কার্যালয় থেকে জব্দ করা দুই হাজারের বেশি রামদা-ছুরি কোনোভাবে রোহিঙ্গা শরণার্থীদের জন্য নয় বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করে জাতিসংঘের এই সংস্থাটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি বলেছে, প্রান্তিক স্থানীয় জনগোষ্ঠীকে কৃষিকাজসহ নানা দৈনন্দিন কাজের জন্য সহায়তার অংশ হিসেবে কিছু গৃহস্থালি সরঞ্জামাদি দুটি স্থানীয় এনজিওকে দিয়েছিল আইওএম। এসব সরঞ্জামাদি শুধু স্থানীয় জনগোষ্ঠীর জন্য এবং এগুলো কোনোভাবে রোহিঙ্গা শরণার্থীদের জন্য নয়। কিন্তু বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হওয়ায় এটি নিয়ে প্রশাসন, গণমাধ্যম এবং সুশীল সমাজে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। প্রকৃতপক্ষে এসব সরঞ্জামাদি ছিল কৃষিকাজে ব্যবহার্য এবং এগুলো শুধু স্থানীয় জনগোষ্ঠীকে প্রদানের জন্য স্থানীয় এনজিওটিকে দেয়া হয়েছিল।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিষয়টি উখিয়া উপজেলা ও কক্সবাজার জেলা প্রশাসন খতিয়ে দেখেন এবং পর্যাপ্ত প্রমাণাদি পাওয়া সাপেক্ষে জব্দ সরঞ্জামাদি পুনরায় এনজিওটিকে ফেরত দেন।
গত ৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) কক্সবাজারের উখিয়ায় মালভিটা এলাকায় শেডের কার্যালয়ে অভিযান চালান স্থানীয় প্রশাসন। অভিযানে ১৭০০ রামদা, ৪০০ ছোরা, ১১০০ হাতুড়ি, ১২০০ হাতকরাত, ১২০০ তার কাটার প্লাস, ২২০০ বেলচা, রশি ও ইত্যাদি জব্দ করা হয়।
