
আন্তর্জাতিক ডেস্ক
ব্যর্থ হতে যাচ্ছে ভারতের চন্দ্রযান মিশন? চাঁদের পৃষ্ঠে সফলভাবে অবতরণ করতে পারেনি দেশটির পাঠানো চন্দ্রযান-২। অবতরণের কয়েক সেকেন্ড আগে ল্যান্ডারের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলে জানিয়েছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানীরা। খবর ইন্ডিয়া টুডে।
পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাত ১টা৩৮ মিনিটে শুরু হয় বিক্রমের অবতরণ প্রক্রিয়া। সেকেন্ডে ১.৮ কিলোমিটার থেকে যানের গতিবেগ কমিয়ে আনা শুরু হয় শূন্যে। সেই লক্ষ্যে শুরু হয় হার্ড ব্রেকিং। নিখুঁত হার্ড ব্রেকিং পর্বের পর ফাইন ব্রেকিং পর্ব শুরু হতেই দেখা দেয় বিপর্যয়। সেই পর্যায়ে কয়েক সেকেন্ডের মধ্যেই ইসরোর কন্ট্রোল সেন্টারের সঙ্গে যাবতীয় সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় যানটির।
ইসরোর প্রধান বিজ্ঞানী কে শিবান বলেন, ‘বিক্রম ল্যান্ডার ছিল পরিকল্পিত এবং ২.১ কিলোমিটার পর্যন্ত স্বাভাবিক লাগছিল। পরবর্তীকালে পৃষ্ঠের সঙ্গে ল্যান্ডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তথ্য বিশ্লেষণ করা হচ্ছে।’
রাত ১ টা ৪০ নাগাদ কক্ষ ছেড়ে চাঁদে নামতে শুরু করে ল্যান্ডার বিক্রম। ইসরো সূত্রে বলা হয়েছিল, সব ঠিক থাকলে রাত ১টা ৫৩ মিনিটে চাঁদের মাটিতে পা রাখবে ভারতের চন্দ্রযান। ভোর সাড়ে ৫টা নাগাদ ল্যান্ডার থেকে বেরিয়ে আসার কথা ছিল রোভার ‘প্রজ্ঞান’। এরপরই চাঁদের মাটিতে ঘুরে ঘুরে তথ্য যোগাড়ের কাজ শুরু করতো এই রোভার।
চন্দ্রপৃষ্ঠ ছোঁয়ার কয়েক সেকেন্ড আগেই চন্দ্রায়ণ-২ এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবার ঘটনাটি মোদীকে জানান ইসরোর চেয়ারম্যান কে শিবান। ইসরোর কন্ট্রোলরুমে নরেন্দ্র মোদী বলেন, ‘এটা জীবনের উত্থান ও পতন। এটা কম কৃতিত্ব নয়। আমি আপনাদের অভিন্দন জানাই।’
উল্লেখ্য, গত ২২ জুলাই শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান-২ উৎক্ষেপণ করে ইসরো। চাঁদের মাটিতে পা দেওয়া চতুর্থ দেশ হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছিল ভারত। এর আগে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন চাঁদে মহাকাশযান পাঠিয়েছে।
