নিজস্ব প্রতিবেদক: গাজিপুরে আজ ২৬ জুন সিটি করপোরেশন নির্বাচন চলছে। এ নির্বাচনে আওয়ামিলীগ-বিএনপির পাশাপাশি প্রার্থী দিয়েছে ভিন্ন ভিন্ন ইসলামী তিনটি দল। এর মধ্যে ইসলামী ঐক্যজোট থেকে ফজলুর রহমান-মিনার, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো. নাসির উদ্দিন -হাতপাখা এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে মো. জালাল উদ্দিন-মোমবাতি প্রতীকে আলাদা আলাদা লড়বেন মেয়র প্রার্থী হিসেবে।
মেয়র নির্বাচনে প্রার্থী দেয়া ইসলামী এ তিনটি দলের ভাবনা জানতে যোগাযোগ করা হয় ইসলামী ঐক্যজোটের মেয়র প্রার্থী ফজলুর রহমান এর সাথে। তার পক্ষে বর্তমান সময়ে মেয়র হওয়া সম্ভব কিনা বা মেয়র হতে না পারলে নির্বাচনে অংশ নেয়ার পেছনে ভাবনা কী এমন প্রশ্নের জবাবে ফাতেহ টুয়েন্টিফোরকে জানান জয় পরপরাজয় এটা আল্লাহর কাছে তবু আমরা চাই ইসলামী কোন দল আছে যারা শান্তি ও উন্নয়নের প্রতিশ্রুতি দেয় এটা মানুষ জানুক। আর মানুষের কাছে দ্রুত বার্তা পৌঁছে দিতে এভাবেই আমাদের মানুষের দ্বারে দ্বারে পৌঁছতে হবে। এ কথায় যদি বলি এটি হচ্ছে একটি ‘দাওয়াত প্রসারণ’।
অপর দিকে ইসলামী আন্দোলনের প্রার্থী দেয়া নিয়ে একই প্রশ্নের জবাবে দলটির সহ সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান জানান, আমরা মেয়র হবার জন্যই প্রার্থী দিয়ে আসছি। আগেও দিয়েছি এখনও তাই। তবে গত পাঁচ থেকে ছয় বছরে নির্বাচনি ক্লিন পরিবেশ নষ্ট করে দেয়ার দরুন ক্ষমতাসীন দল ছাড়া ভিন্ন কোন দলের প্রার্থী নির্বাচনে জয়লাভ করবে এটা সহজে ভাবার অবকাশ থাকছে না। তবু আমরা আমাদের চেষ্টা অব্যহত রাখছি যেন মানুষ জানতে পারে উন্নয়নের জন্য তার কোনটা করা উচিত আর কোনটা বর্জন করা দরকার।
নির্বাচনি ভাবনা জানতে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর প্রার্থী মো. জালাল উদ্দিন এর সাথে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য যে গাজিপুর সিটি করপোরেশনের এটি দ্বিতীয় সিটি করপোরেশন নির্বাচন। এর আগে প্রথম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছিলেন বিএনপি সমর্থীত প্রার্থী মান্নান।
