কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে ২ যুবক নিহত

ফাতেহ ডেস্ক: কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর সেতুর কাছে ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নাইম ইসলাম (২৩) ও জোয়ার আলী (২৫)। নাইম মিরপুর উপজেলার চিথলিয়ার জহুরুল ইসলামের ও জোয়ার একই এলাকার আক্কাস আলীর ছেলে।

পুলিশের দাবি, নিহতরা মিরপুরের চিথলিয়ায় মুক্তিপণ চেয়ে অপহৃত স্কুলছাত্র দেবদত্ত হত্যার প্রধান আসামি।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, স্কুলছাত্র দেবদত্ত হত্যার প্রধান আসামি নাইম ইসলামকে নিয়ে মঙ্গলবার ভোরে অন্য আসামিদের ধরতে অভিযান চালায় পুলিশ।

তারা চিথলিয়ার পাহাড়পুর ব্রিজের কাছে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা গুলি ছোড়ে।

পুলিশও পাল্টা গুলি চালালে নাইম ইসলাম ও জোয়ার আলী গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনায় পুলিশের এসআই লাল চাঁদ, এসআই এমদাদুল হক, এএসআই রুহুল আমীন, এএসআই সাইফুল ইসলাম ও তিন কনস্টেবল আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি পিস্তল ও দুটি ধারালো হাসুয়া উদ্ধার করা হয়েছে।

আগের সংবাদঅবরোধ সরছে গাজা থেকে, বিনিময় কি?
পরবর্তি সংবাদগাজিপুর সিটি নির্বাচনে ইসলামী দলগুলোর লক্ষ্য কী?