
ফাতেহ ডেস্ক
নিজ দেশে ফিরে যেতে চীনের সহযোগিতা চেয়েছেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু সীমান্তের নোম্যান্স ল্যান্ডের রোহিঙ্গারা।
রোববার দুপুরে তুমব্রু সীমান্তের কোনারপাড়া নোম্যান্স ল্যান্ডে আশ্রিত রোহিঙ্গাদের দেখতে আসে চীনের প্রতিনিধিদল। ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জিমিং। প্রতিনিধিদল জিরো লাইনের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় তাদের সার্বিক বিষয়ে খোঁজ নেন এবং কথা বলেন।
এ সময় প্রতিনিধিদলকে নোম্যান্স ল্যান্ডে রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ জানান, নিরাপত্তা নিশ্চিত করে মিয়ানমারে ফিরিয়ে নিয়ে ক্যাম্পে না রেখে সরাসরি ভিটেবাড়িতে পৌঁছে দিলে আমরা ফেরত যেতে রাজি। এছাড়া চীন সরকারের প্রতিনিধি হিসেবে রাষ্ট্রদূতের নেতৃত্বে প্রতিনিধিদল আমাদের খবর নিতে আসায় চীন সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি চীন আমাদের প্রতিবেশী বন্ধু দেশ হিসেবে রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা কামনা করছি।
চীনের প্রতিনিধিদল শূন্যরেখার ছয় পুরুষ এবং ছয় নারীর সঙ্গে কথা বলেন। দুপুরে কক্সবাজারের উদ্দেশে নোম্যান্স ল্যান্ড ত্যাগ করেন তারা।
এ সময় অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দোজা ছাড়াও সরকারি-বেসরকারি সংস্থা, প্রশাসনের লোকজন প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন।
