পশ্চিমবঙ্গে এনআরসি আতঙ্কে এক যুবকের আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক

আসাম রাজ্যে জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি বাস্তবায়িত হবার পর এবার পশ্চিমবঙ্গেও এ তালিকার কাজ শুরু করার দৃঢ় ইচ্ছার কথা জানিয়েছে ভারতের বিজেপি সরকার। যদিও পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা এবং তার দল এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে, তারপরও রাজ্যজুড়ে ছড়িয়ে পড়েছে একটা আতঙ্ক। আর এ আতঙ্কে আত্মহননের পথ বেছে নিচ্ছেন নাগরিক তালিকা থেকে বাদ পড়ে যাওয়ার ভয়ে থাকা অনেক সাধারণ মানুষ।

জানা গেছে, এনআরসির জন্য প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করতে না পেরে আত্মহত্যা করেছেন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ধুপগুড়ির বাসিন্দা শ্যামল রায়।

২৪ বছরের যুবক শ্যামল রায় পুরনো নথি জোগাড় করতে কিছুদিন ধরেই প্রশাসনের দরজায় দরজায় ঘুরছিলেন। কিন্তু অনেক চেষ্টা করেও পুরনো নথি সংগ্রহ করতে না পেরে মানসিক অবসাদে ভুগতে থাকেন তিনি। এ রাজ্যে এনআরসি হলে তার নাম বাদ পড়তে পারে, এই আতঙ্ক ক্রমশ গ্রাস করে তাকে।

ধুপগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন তার স্ত্রী ময়ান্তি রায়। এর আগে ময়নাগুড়িতেও এনআরসি আতঙ্কে আত্মহত্যা করেন অন্নদা রায় নামে এক ব্যক্তি।

আসামের জাতীয় নাগরিকের চূড়ান্ত তালিকা প্রকাশে ১৯ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। আতঙ্ক বাড়ছে এই রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতেও। এরই সঙ্গে অনুঘটকের মতো কাজ করেছে বিজেপি নেতাদের ক্রমাগত হুঁশিয়ারি। যথাযথ নথি না থাকলে নাগরিকত্ব হারানোর ভয় পাচ্ছেন অনেকে। এরইমধ্যে জেলাজুড়ে আধার কার্ডসহ একাধিক পরিচয়পত্র সংশোধনের কাজ শুরু হয়েছে। রোজ দীর্ঘ লাইন হচ্ছে সেখানে।

আগের সংবাদবেইজিংয়ে তালেবান-প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করল চীন
পরবর্তি সংবাদবিলের পানিতে পাওয়া ছেড়া টাকার স্তুপ বাংলাদেশ ব্যাংকের বাতিলকৃত নষ্ট নোট