সুনামগঞ্জে হাওরে নৌকাডুবি : শিশুসহ ৯ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ১

ফাতেহ ডেস্ক

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিয়ের অনুষ্ঠানে যাবার পথে ঝড়ের কবলে পড়ে ইঞ্জিনচালিত ট্রলারডুবির ঘটনায় শিশুসহ ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ১ জন।

মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত উপজেলার কাইল্যাকুটার হাওরের করমা বিলে অভিযান চালিয়ে আটজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- দিরাইয়ের মাছিমপুর গ্রামের বাবুলের ছেলে শামীম (২), বদরুল মিয়ার ছেলে আবির (৩), মাসিমপুর গ্রামের আসাদ আলীর মেয়ে সান্তা (০৩), নোয়ারচর গ্রামের আফজলের ছেলে আসাদ (০৫), মাসিমপুরের রহিতুন নেসা (৩৫), চনারচর ইউনিয়নের পেরুয়া গ্রামের নজিবুল্লাহর স্ত্রী করিমা বেগম (৭০) এবং নোয়ারচর গ্রামের আজিরুন (৩০)। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন দিরাই উপজেলায় মাছিমপুর গ্রামের তাসমিনা (১১)।

দিরাই থানার ওসি কেএম নজরুল ইসলাম জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় ডুবুরি দল ও এলাকার লোকজন ছোট ছোট নৌকা নিয়ে তল্লাশি চালিয়ে চার শিশুসন্তানের মরদেহ করমা বিলের ভাসমান পানি থেকে উদ্ধার করে তীরে নিয়ে আসে। বুধবার ভোরে বিলে আরও চারজনের মরদেহ পাওয়া যায়। এবং সকাল সাড়ে নয়টায় পাওয়া যায় আরও একজনের মরদেহ।

স্থানীয়রা জানান, উপজেলার রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রাম থেকে গ্রামের হাবলু মিয়ার পরিবারের লোকজন পার্শ্ববর্তী চরনাচর ইউনিয়নের পেরুয়া গ্রামে ফিরোজ মিয়ার ছেলের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল।

মঙ্গলবার বিকালে তারা ছাউনিবিহিন খোলা ইঞ্জিন চালিত ট্রলারে মাছিমপুর থেকে পেরুয়া গ্রামের উদ্দ্যেশে ছেড়ে যায়। ওই ট্রলারে ৩১ যাত্রী ছিলেন। বিকাল সাড়ে ৫টার দিকে মাছিমপুর গ্রাম থেকে প্রায় তিন কিলোমিটার দূরে কাইল্যাকুটার করমা বিলে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।

আশপাশের গ্রামের লোকজন নৌকা নিয়ে অন্যদের উদ্ধার করেন। এ ঘটনায় চার শিশুসহ আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন দুজন।

রফিনগর ইউপি সদস্য কুটি মিয়া জানান, এ পর্যন্ত আট মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, ট্রলারডুবিতে আটজনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে।

আগের সংবাদরোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে সুনির্দিষ্ট ৪টি প্রস্তাব রাখবেন শেখ হাসিনা
পরবর্তি সংবাদকাশ্মীর সংকট নিরসন করতে না পারায় জাতিসংঘে বিশ্ব নেতৃত্বের সমালোচনা করলেন এরদোগান