নোয়াখালীতে হোমিও দোকানের স্পিরিট পান করে পাঁচজনের মৃত্যু

ফাতেহ ডেস্ক :

নোয়াখালীর কোম্পানীগঞ্জে হোমিও দোকানের স্পিরিট পান করে পাঁচজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা মারা যান। এ ঘটনায় আরও অন্তত ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল ও ঢাকায় পাঠানো হয়েছে।

মৃতরা হলেন উপজেলার মোহাম্মদনগর গ্রামের মৃত ফয়েজ আহমদের ছেলে মহিন উদ্দিন (৪০), বসুরহাট পৌরসভা ৮নং ওয়ার্ডের বাঁশ ব্যাপারী বাড়ির নুর নবী মানিক (৫০), পৌরসভা ৮নং ওয়ার্ডের ক্ষিরত মহাজন বাড়ির অনিল রায়ের ছেলে রবি লাল রায় (৫৭), চরকাঁকড়া ইউনিয়নের টেকের বাজার এলাকার আবদুল খালেক (৭২), সিরাজপুর ইউনিয়নের মতলব মিয়ার বাড়ি সংলগ্ন সবুজ (৬০)।

স্থাস্থানীয়দের অভিযোগ, এ দোকানের মালিক জায়েদ ও তার ছেলে প্রিয়ম অনেক বছর ধরে হোমিও হল নামের দোকানে স্পিরিটসহ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য বিক্রি করে আসছেন।

এদিকে পুলিশ জানার আগেই মারা যাওয়া তিনজনের দাফন সম্পন্ন হয়েছে। তবে আরও দুজনের দাফন এখনো সম্পন্ন হয়নি। পরে পুলিশ খবর পেয়ে রবি লাল রায়ের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং আরও একজনের লাশ উদ্ধারের চেষ্টা করছে। এ ঘটনায় পুলিশ স্পিরিট বিক্রেতার ছেলে প্রিয়মকে আটক করে। তবে স্পিরিট বিক্রেতা ডা. জায়েদ গা ঢাকা দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান।

আগের সংবাদমসজিদে মুসল্লিদের জুতা সাজিয়ে রেখে প্রশান্তি পান এক অমুসলিম
পরবর্তি সংবাদকূটনৈতিক হাতিয়ার হিসেবে নিষেধাজ্ঞাকে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র : মাহাথির