
ফাতেহ ডেস্ক
হার্টের সমস্যার কারণে গত বুধবার রাতে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছিল দেশের শীর্ষস্থানীয় ও প্রবীণ শায়খুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীকে। কিন্তু গত তিনদিনেও তাঁর অবস্থার কোনো উন্নতি না হলে আজ রোববার মাউন্ট এডোরার চিকিৎসকদের পরামর্শ ক্রমে তাঁকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বিকাল সাড়ে তিনটার দিকে হেলিকপ্টার যোগে তাঁকে ঢাকা নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন তাঁর মেঝো ছেলে মাওলানা মামনুনুল হক।
আরও পড়ুন : অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রবীণ শায়খুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী
মাওলানা মামনুন ফাতেহ টোয়েন্টি ফোরকে জানান, গত কয়েক সপ্তাহ ধরে তাঁর বাবার হার্টে জটিল সমস্যা দেখা দিয়েছে। এম্নিতে সুস্থ, কিন্তু মাঝেমাঝেই হঠাৎ হার্টবিট উচ্চমাত্রায় বেড়ে যায়, এবং তারপরেই একদম থেমে যায়। গত বুধবার সিলেটের রেঙ্গা মাদরাসায় সারাদিন বুখারির দরসপ্রদান শেষে রাতে হঠাৎ করে এই সমস্যা গুরুতর হয়ে দেখা দেয়। তৎক্ষনাৎ তাঁকে মাউন্ট এডোরার আইসিইউতে ভর্তি করা হয়। পরে হার্টবিট স্বাভাবিক হলে সিসিইউতে নিয়ে আসা হয়।
তিনি বলেন, কিন্তু গত তিনদিনে এই সমস্যা আরও বেশ কয়েকবার দেখা দিয়েছে। মাউন্ট এডোরার চিকিৎসকরা বোর্ড গঠন করে মিটিং করেও এর কোনো সুরাহা করতে পারেননি। তাই আজ তাঁরা উন্নত চিকিৎসার জন্য ঢাকার ইউনাইটেড হসপিটালে তাঁকে রেফার করেছেন। বিকাল সাড়ে তিনটার দিকে হেলিকপ্টার যোগে তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
মাওলানা মামনুনুল হক এসময় দেশের প্রবীণ এ শায়খুল হাদিসের দ্রুত সুস্থতা ও নিরাময়ের জন্য দেশবাসীর কাছে দোআ চেয়েছেন।
