
আন্তর্জাতিক ডেস্ক :
এক মুসলিম নারীর বাড়ির বাগানে অবৈধভাবে গির্জা নির্মাণ করায় গির্জাটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে ইউরোপীয় একটি আদালত। আগামী ৯০ কর্মদিবসের মধ্যে গির্জা ভাঙার নির্দেশ বাস্তবায়নের সময় বেঁধে দিয়েছে আদালত। খবর ইয়ানি শাফাক।
খবরে বলা হয়, ১৯৯২-১৯৯৫ সালে বসনিয়া ও হার্জেগোভিনায় বসবাসরত মুসলমানদের উপর ব্যাপক গণহত্যা চালায় সার্বিয়া। ফাতা অলিভিচ বসনিয়া ও হার্জেগোভিনার যুদ্ধকালীন সময় পর্যন্ত দেশটির শ্রাব্রিনিসা উপশহরে স্বামী এবং সন্তানদের নিয়ে বসবাস করতেন। এ অঞ্চলে ঘটে যাওয়া গণহত্যায় তিনি স্বামী সাজির অলিভিচসহ অন্তত ২২ জন নিকটাত্মীয়কে হারিয়েছেন। এবং এসময় তাকে বাপদাদাদের ভিটেমাটি ছাড়তে বাধ্য করা হয়।
১৯৯৯ সালে যুদ্ধ শেষে যখন তিনি আবার নিজ বাড়িতে ফিরে আসেন তখন বাড়ির বাগানে নবনির্মিত একটি গির্জা দেখতে পান, যা তারই জায়গায় তাকে না জানিয়ে এক সার্বিয়ান অবৈধভাবে নির্মাণ করেছে। এরপর ফাতা অলিভিচ নিজ জমিন থেকে গির্জা অপসারণের জন্য আইনি লড়াইয়ের সিদ্ধান্ত নেন এবং আদালতের দ্বারস্থ হন। এসময় গির্জা-কতৃপক্ষ তাকে জমিনের মূল্য পরিশোধ করার কথা জানালেও তিনি তা প্রত্যাখ্যান করেন।
অবশেষে আদালতের মাধ্যমে তিনি নিজ জায়গাটুকু আবার ফিরে পেলেন।
