
আন্তর্জাতিক ডেস্ক :
ভারত অধিকৃত কাশ্মীরে সংবাদমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দেয়ার দাবিতে নীরব আন্দোলন করেছেন স্থানীয় সাংবাদিকেরা। বৃহস্পতিবার কালো ব্যাজ পরে ও হাতে প্ল্যাকার্ড নিয়ে রাজধানী শ্রীনগরের প্রেস ক্লাবে অবস্থান নেন শতাধিক সাংবাদিক। খবর এনডিটিভি ও ইন্ডিয়া টুডে।
গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর থেকে ইন্টারনেট-মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়। গ্রেফতার করা হয় সেখানকার বিপুলসংখ্যক স্বাধীনতাপন্থী রাজনৈতিক নেতাকে। এই সময়ে কোনো সংবাদপত্র তাদের অনলাইন সংস্করণ চালাতে পারেনি। দৈনিক পত্রিকাগুলোতে ছিল না কোনো সম্পাদকীয় পাতাও। ধীরে ধীরে কাশ্মীরের নিষেধাজ্ঞা উঠতে শুরু করলেও এখনো অনেক জায়গায় মোবাইল ও ইন্টারনেট সেবা নেই। ফলে সংবাদ সংগ্রহে ঝক্কি পোহাতে হচ্ছে সাংবাদিকদের।
দুই মাস ধরে চলা সংবাদমাধ্যমের এই অবস্থা কাটানোর দাবি জানিয়ে আন্দোলনে নামেন সাংবাদিকেরা। প্রেস ক্লাবে আয়োজিত আন্দোলনে এদিন অনেকের হাতেই ছিল প্ল্যাকার্ড ও ব্যানার। যেখানে লেখা ছিল ‘তথ্যের ওপর অভিযান বন্ধ করুন’, ‘সাংবাদিকদের অপরাধী বানানো বন্ধ করুন’, ‘সাংবাদিকতা কোনো অপরাধ নয়’।
সরকার একটি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের জন্য ইন্টারনেট সুবিধা দিলেও তা যথেষ্ট নয় বলে দাবি সাংবাদিকদের। তাছাড়া সেখানে সংবাদের প্রয়োজনীয় গোপনীয়তাও বজায় রাখা সম্ভব নয়। কাশ্মির প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইশফাক তান্ত্রে বলেন, এখানে কোনো গোপনীয়তা নেই। ৩০০ সাংবাদিক এই সেন্টার ব্যবহার করেন। ফলে সবসময়ই ভিড় লেগে থাকে। এছাড়া এসব কিছুই নজরদারির আওতায়।
স্থানীয় এক দৈনিক পত্রিকার সম্পাদক ফারজানা মুমতাজ বলেন, ‘আমি জেলাগুলো থেকে কোনো সংবাদ পাচ্ছি না। আমার কাছে ইন্টারনেট বা ফোন নেই যার মাধ্যমে আমি সাংবাদিকদের সাথে যোগাযোগ করতে পারব। যেকোনো সংবাদ পেতে আমার দুই দিন সময় লেগে যাচ্ছে।’
