
ফাতেহ ডেস্ক
পারিবারিক কলহের জেরে প্রতিবেশীর ওপর হত্যা মামলা দিতে নিজের স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে এক পাষণ্ড স্বামী। শনিবার দিবাগত রাত একটার দিকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের উত্তর পৈইকখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম বিউটি বেগম (৪০)। এ ঘটনায় আটক করা হয়েছে পাষণ্ড ওই স্বামীসহ তিনজনকে।
ভান্ডারিয়া থানার ডিউটি অফিসার এসআই আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ নিহত বিউটির স্বামী মো: ফিরোজ হাওলাদার ও একই বাড়ির মো: আল আমিন (৩০) ও মো: আলম হাওলাদারকে (৪৮) আটক করেছে।
ফিরোজ ওই গ্রামের মৃত মোফাজ্জেল হাওলাদারের পুত্র। তিনি ঢাকায় দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করেন। নিহত বিউটি ছয় সন্তানের জননী।
এলাকাবাসীর অভিযোগ, নিহতের স্বামী ফিরোজের সাথে বাড়ির কতিপয় বাসিন্দার পারিবারিক কলহ রয়েছে। সে কলহের জেরে অন্যকে ফাঁসাতে স্ত্রীকে গভীর রাতে নিজঘরে গলা কেটে হত্যা করে ফিরোজ।
