
আন্তর্জাতিক ডেস্ক :
পাকিস্তানে জমিয়তে উলামায়ে ইসলামের (এফ) প্রধান মাওলানা ফজলুর রহমানের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি জানান, জমিয়তের সঙ্গে আলোচনার দরজা খোলা রয়েছে। খবর জিয়ো নিউজ।
সম্প্রতি পাকিস্তানের মন্ত্রীসভার বৈঠক শেষে ইসলামাবাদ অভিমুখে আজাদী মার্চের বিষয়ে জমিয়তের সঙ্গে আলোচনার জন্য কোনো কমিটি করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনই কমিটি বানানোর কোনো প্রয়োজন নেই। তবে আলোচনার দরজা খোলা রয়েছে। আর কেউ যদি আলোচনায় বসতে চায়, তাহলে আমরা নিষেধ করব না।
এর আগে কেন্দ্রীয় ধর্মমন্ত্রী পীর নুরুল হককে জমিয়তের সঙ্গে আলোচনার দায়িত্ব দেয়া হয়েছে, এমন খবর ছড়িয়ে পড়িয়েছিল। যদিও পরে তিনি তা অস্বীকার করেছেন।
এদিকে মাওলানা ফজলুর রহমান সাফ জানিয়ে দিয়েছেন সরকারের সঙ্গে কোনো আলোচনা হবে না। সরকারের পতন পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, আগামী ২৭ অক্টোবর ইসলামাবাদ অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম।
