
ফাতেহ ডেস্ক :
সীমান্ত হত্যা থামছেই না, বরং বেড়েই চলছে। এবার চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হলেন জহুরুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশি গরু রাখাল। রবিবার (১৩ অক্টোবর) ভোরে জেলার শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত জহুরুল ইসলাম শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর ঠুঠাপাড়া এলাকার আব্দুল কাদিরের ছেলে।
স্থানীয়রা জানান,‘মাসুদপুর সীমান্ত দিয়ে জহুরুল ইসলামসহ বেশ কয়েকজনের একটি দল রবিবার মধ্য রাতে ভারতে গরু আনতে যায়। তারা ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে, শোভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে জহুরুল গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ সময় তার সহযোগীরা লাশ উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসলে রবিবার সকালে পরিবারের লোকজন গোপনে জহুরুলের নানির বাড়ি বালটুঙ্গি এলাকায় মরদেহ দাফন করে।’
এ ব্যাপারে ৫৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান খান গণমাধ্যমকে জানান,‘সীমান্তে হত্যাকাণ্ডের বিষয়টি আমরা শুনেছি। এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে পরে বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে।’
