
ফাতেহ ডেস্ক :
আবরার ফাহাদ হত্যায় সম্পৃক্ত থাকায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা অমিত সাহাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ ছাত্রলীগ। আজ (সোমবার) ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
ছাত্র সংগঠনটি উল্লেখ করে, ৭ অক্টোবরের ওই ঘটনার সময় অমিত ঘটনাস্থলে উপস্থিত ছিল না। ‘কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে নানান জনকে নির্যাতনের জন্য উসকানি দিয়েছেন। বিষয়টি অধিকতর তদন্তের মাধ্যমে প্রমাণিত হওয়ায় তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ছাত্রলীগ।’

উল্লেখ্য, আবরারকে যে কক্ষে খুন করা হয়, সেই কক্ষের বাসিন্দা অমিত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ আইনবিষয়ক সম্পাদক। তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। আবরার হত্যার ঘটনায় গত ১০ অক্টোবর অমিতকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ৭ অক্টোবর বুয়েট শাখা ছাত্রলীগের ১১ নেতা-কর্মীকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত ১১ জন হলেন- বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, সহ-সভাপতি মুহতাসিম ফুয়াদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন, তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার, ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়ন, সাহিত্য সম্পাদক মনিরুজ্জামান মনির, উপ-সমাজসেবা সম্পাদক ইফতি মোশাররফ সকাল, উপ-দপ্তর সম্পাদক মুজতবা রাফিদ এবং সদস্য মুনতাসির আল জেমি, এহতেসামুল রাব্বি তানিম ও মুজাহিদুর রহমান।
