তুর্কি মন্ত্রী ও কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক :

সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সেনা অভিযানের জেরে তুরস্কের দুই মন্ত্রী এবং তিন শীর্ষ সরকারি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। সেইসঙ্গে দ্রুত যুদ্ধ বিরতির আহ্বান জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে টেলিফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসি।

ওয়াশিংটনে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্টিভেন নুচিন সাংবাদিকদের বলেছেন, নতুন আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা বেশ শক্তিশালী এবং তা তুরস্কের অর্থনীতির উপর মারাত্মক প্রভাব ফেলবে।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, এই নিষেধাজ্ঞা চলতে থাকবে এবং ক্রমে আরো কঠোর হতে থাকবে যতক্ষণ পর্যন্ত তুরস্ক যুদ্ধবিরতি ঘোষণা না করবে, সংঘাত বন্ধ না করবে এবং দীর্ঘমেয়াদী কোন শান্তিচুক্তিতে না আসবে।

উল্লেখ্য, সিরিয়ার ভেতরে অন্তত ৩০ কিলোমিটার পর্যন্ত ‘নিরাপদ অঞ্চল’ তৈরি করতে চায় তুরস্ক। তুরস্কে থাকা ৩০ লাখের বেশি সিরীয় শরণার্থীকে ওই অঞ্চলে পুনর্বাসিত করার পরিকল্পনার কথাও বলেছে তুর্কি কর্তৃপক্ষ।

আগের সংবাদসৌদি টিমের আল আকসা মসজিদ পরিদর্শন, নিন্দা ফিলিস্তিনি মুসল্লিদের
পরবর্তি সংবাদবিজেপির সভাপতির পদ ছাড়ছেন অমিত শাহ