তুর্কি এবং সিরীয় বাহিনীর মধ্যে সংঘর্ষ ঘটতে দেব না : রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক :

তুর্কি এবং সিরীয় বাহিনীর মধ্যে কোনো ধরনের সংঘর্ষ ঘটতে দেবে না বলে জানিয়েছে রাশিয়া। সিরিয়ায় মস্কোর বিশেষ দূত আলেকজান্ডার ল্যাভরেন্টিভ বলেন, এটা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এটা অবশ্যই মেনে নেব না।

সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকেই সেখানে সামরিক অভিযান শুরু করেছে তুরস্ক। এর মধ্যেই উত্তর-পূর্বাঞ্চলে প্রবেশ করেছে সিরীয় সেনাবাহিনী। এতে করে তুর্কি নেতৃত্বাধীন বাহিনীর সঙ্গে তাদের বড় ধরনের সংঘর্ষ ঘটতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের গুরুত্বপূর্ণ সামরিক জোট রাশিয়া। ২০১৫ সালে আসাদ বাহিনীকে সহায়তার জন্য সিরিয়ায় সেনা মোতায়েন করে রাশিয়া।

এদিকে, কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর সঙ্গে সিরীয় সেনাবাহিনীর একটি চুক্তি হয়েছে। কুর্দিরা বলছে, সরকার দেশের উত্তরাঞ্চলের সীমান্তে সেনাবাহিনী পাঠিয়ে কুর্দিদের বিরুদ্ধে তুরস্কের চালানো আগ্রাসন প্রতিহত করার চেষ্টা করবে।

উল্লেখ্য, সিরিয়ার ভেতরে অন্তত ৩০ কিলোমিটার পর্যন্ত কুর্দিদের হটিয়ে ‘নিরাপদ অঞ্চল’ তৈরি করতে চায় তুরস্ক। তুরস্কে থাকা ৩০ লাখের বেশি সিরীয় শরণার্থীকে ওই অঞ্চলে পুনর্বাসিত করার পরিকল্পনার কথাও বলেছে তুর্কি কর্তৃপক্ষ।

আগের সংবাদসড়ক দুর্ঘটনায় ছেলে নিহত হবার চারমাসের মাথায় একই স্থানে নিহত হলেন বাবাও
পরবর্তি সংবাদকাশ্মীরে মোবাইল সেবা : নেই ইন্টারনেট, নেই এসএমএস সার্ভিস