যতক্ষণ লক্ষ্য অর্জন না হবে, ততক্ষণ সিরিয়ার অভিযান চলবে : এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক :

উত্তর সিরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযান নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, যতক্ষণ পর্যন্ত সব লক্ষ্য অর্জন না হবে, তুরস্ক ততক্ষণ পর্যন্ত সিরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে যাবে। গতকাল মঙ্গলবার আজারবাইজানের বাকুতে তুর্কি কাউন্সিলের সম্মেলনে তিনি এ কথা বলেন।

এরদোগান বলেন, তুরস্কের লক্ষ্য সিরিয়ার মানবিজ থেকে ইরাকি সীমান্ত পর্যন্ত অঞ্চলটি মুক্ত করা এবং প্রায় ৩০ লাখ সিরীয় শরণার্থীকে সেখানে পুনর্বাসনের ব্যবস্থা করা। তিনি উল্লেখ করেন, তুরস্ক অপারেশন পিস স্প্রিংয়ে সন্ত্রাসীদের হাত থেকে এক হাজার বর্গকিলোমিটার এলাকা মুক্ত করা হয়েছে। তিনি বলেন, সন্ত্রাসবাদবিরোধী এই যুদ্ধে আমাদের ভাইদের কাছ থেকে আমরা দৃঢ়সমর্থন আশা করি। তুর্কি কাউন্সিলের প্রভাব বাড়ায় এই শীর্ষ সম্মেলন ঐতিহাসিক। তুরস্ক আশা করে যে, জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ এবং ওআইসিতে এই সংস্থা পর্যবেক্ষকের পদ পাবে।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর তুর্কি সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলে অপারেশন পিস স্প্রিং নামে সামরিক অভিযান শুরু করে তুরস্ক। এ অভিযানের মাধ্যমে অঞ্চলটি থেকে উগ্রবাদী আইএস ও কুর্দি বিদ্রোহীদের বিতাড়িত করে সেখানে একটি সেফ জোন প্রতিষ্ঠা করতে আগ্রহী আঙ্কারা। এ সেফ জোনে দীর্ঘ দিন ধরে তুরস্কে বসবাসরত সিরীয় শরণার্থীদের বসবাসের ব্যবস্থা করতে চায় তারা।

আগের সংবাদগুগল ম্যাপে শেরে বাংলা ‘শহীদ আবরার হল’, সন্ত্রাসীরা ‘পাবলিক টয়লেট’
পরবর্তি সংবাদ‘বৈশ্বিক স্বার্থেই আরব উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা জরুরি’