
ফাতেহ ডেস্ক :
রাজধানীর মিরপুর রূপনগরে পাঁচতলার ছাদ থেকে গৃহকর্মীকে ধাক্কা দিয়ে নিচে ফেলে হত্যাচেষ্টার খবর জানা গেছে। গৃহকর্মী বিথি আক্তার ভুলুকে (৩০) অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার তদন্তে নেমেছে রূপনগর থানা পুলিশ। রূপনগরে শনিবার সকালে একটি ভবনের সামনের রাস্তা থেকে ভুলুকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
তার অবস্থার অবনতি হলে ওইদিন বিকাল ৪টায় তাকে ঢামেক হাসপাতালে নেয়া হয়। রোববার ঘটনা জানতে পেরে তদন্তে নেমেছে পুলিশ।
ভুলুর চাচাতো বোন সেলিনা বেগম জানান, গাইবান্ধা সদর উপজেলা বলদিয়া গ্রামের বদিয়ার মিয়ার মেয়ে ভুলু। তার স্বামীর নাম নাজমুল। তাদের দুই শিশুসন্তান রয়েছে।
গ্রামের বাড়িতে সন্তানদের রেখে তারা রূপনগরের দুয়ারীপাড়া বস্তিতে থাকেন। একটি ভবনের পঞ্চম তলার একটি বাসায় তিন মাস ধরে গৃহকর্মীর কাজ করছিলেন ভুলু। প্রতিদিনের মতো শনিবার ভোর ৬টায় তিনি ওই বাসায় কাজে যান।
এর ঘণ্টাখানেক পর বাড়ির সামনে রাস্তায় থাকা বালুর ওপর তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। সেলিনা আরও বলেন, ওই বাসায় একজন পুরুষ ছিলেন।
বাকিরা সবাই বেড়াতে গিয়েছিলেন। দারোয়ান বলছে, ভুলু উপর থেকে পড়ে গেছে। কিন্তু আমাদের ধারণা তাকে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয়েছে।
ঢামেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. অসিত চন্দ্র সরকার বলেন, মেয়েটির অবস্থা খুবই গুরুতর। তার শরীরের বিভিন্ন জায়গায় ফ্র্যাকচার হয়েছে। একটু সুস্থ হলে অর্থোপেডিক্স (হাড়, পেশিসহ কঙ্কালতন্ত্রের অস্ত্রোপচারের জন্য) করা হবে।
রূপনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, রোববার বিকাল ৪টায় ভুলুর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়া হয়েছে।
তার স্বজনরা অভিযোগ করেছেন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই ভবনে ১৩টি ইউনিট।
কোন বাসায় তিনি কাজ করতেন তা তার স্বজনরাও চিহ্নিত করতে পারেননি। বাসিন্দারাও স্বীকার করছে না। অপরাধীকে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।
