ভোলার ঘটনার প্রতিবাদে মোহাম্মদপুরে মুসল্লিদের সড়ক অবরোধ

ফাতেহ ডেস্ক :

ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নিহত চারজনের বিচারের দাবিতে রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মুসল্লিরা। আজ সোমবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুরের টাউন হলের আল্লাহ করিম মসজিদ ও মসজিদ সংলগ্ন সড়কে এই অবরোধ ও বিক্ষোভ শুরু হয়। খবর জাগো নিউজ।

ভোলার ঘটনায় নিহতের বিচারের দাবিতে সকাল থেকে মুসল্লিরা আল্লাহ করিম মসজিদের সামনে জড়ো হতে থাকেন। সেখানে মাইকের ব্যবস্থা করে তারা বক্তৃতা দেন। বক্তৃতা শেষে তারা সবাই টাউনহলের সড়কে নেমে মিছিল করেন। মিছিলের পর সড়কে বসেই বক্তৃতা দেন। বিক্ষোভে তারা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেসের (ইসকন) কার্যক্রম বন্ধের দাবি তুলেছেন। এ ছাড়া রাসুল সা.এর জন্য উৎসর্গ করা রক্ত বৃথা যেতে দেব না সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভে তারা পুলিশের বিরুদ্ধে স্লোগান দেন। ভোলায় পুলিশের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ উল্লেখ করে গুলি চালানো কর্মকর্তাদের বিচারের দাবি করেন।

মুসল্লিদের বিক্ষোভের কারণে প্রায় ঘণ্টাখানেক সময় টাউনহল সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। সর্বশেষ সাড়ে ১২টার দিকে তারা সড়ক ছেড়ে দেন।

আগের সংবাদখতমে নবুয়তের আলোচনা সভায় ভোলার ঘটনার তীব্র নিন্দা
পরবর্তি সংবাদতৌহিদি জনতার ৬ দফা দাবি অবশেষে মেনে নিল প্রশাসন