
আন্তর্জাতিক ডেস্ক:
এগারো থেকে চব্বিশ বছর বয়সী মুসলিম তরুণ-তরুণীদের কথা শুনতে এবং তাদেরকে মানসিক সাপোর্ট দিতে একটি হেল্প লাইন চালু করেছে ইসলামিক চ্যারিটি সংস্থা পেনি আপিলের সবচে ছোট সিইও এগারো বছর বয়সী শাকিরা রাহমান। হেল্প লাইনটির নাম MY অর্থাৎ মুসলিম ইয়ুথ। পুরো যুক্তরাজ্য জুড়েই গোপনীয়তা এবং নিরাপত্তার সাথে মুসলিম তরুণদের এ সেবা দেয়া হবে। খবর আরব নিউজ।
শাকিরা রহমান বলেন, পেনি আপিলে যোগ দেয়ার পর মুসলিম তরুণদের নিয়ে এটি আমার প্রথম আইডিয়া। সোশ্যাল মিডিয়া প্রেসার, ক্লাসরুমে মানসিক নির্যাতন, সেক্সুয়াল এবিউজ সবকিছু আমি আমার মায়ের সঙ্গে শেয়ার করতে পারি। কিন্তু আমার অনেক মুসলিম ফ্রেন্ড আছে, যারা তাদের পরিবারের সঙ্গে এসব বলতে পারে না। কারণ তাদের পরিবার বিষয়গুলো বুঝতে চায় না। তাই এই হেল্পলাইন চালু করেছি—যেন তারা তাদের কথাগুলো বলতে পারে। আশা করি, এই উদ্যোগ সমগ্র যুক্তরাজ্যের মুসলিম তরুণ-তরুণীদের জন্য সহায়ক হবে।
এমওয়াইতে নিয়োগ দেয়া হয়েছে প্রশিক্ষিত এবং অভিজ্ঞ লোক। তরুণ-তরুণীদের কথাগুলো তারা শুনবে, বিশেষজ্ঞদের কাছে কল ট্রান্সফারের দরকার হলে ট্রান্সফার করবে। আর কারো যদি ইসলামি জ্ঞান পরামর্শের দরকার হয়, ইমেইলে ৪৮ ঘণ্টার মধ্যে তার উত্তর এবং সমাধান সরবরাহ করা হবে।
হেল্প লাইন টিমের নেতৃত্বে রয়েছেন মনোবিজ্ঞানের এক দক্ষ পরামর্শক হিন্না জাফর।
পুরো ব্রিটেনজুড়ে মুসলিম তরুণ-তরুণীরা ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক যে চাপ ও জিজ্ঞাসার মুখোমুখি হচ্ছে, তাদের সমর্থন দেবার জন্যই খোলা হয়েছে MY হেল্প লাইন।
রাকিব
