
আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের পশ্চিমবঙ্গ থেকে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানসহ অন্যান্য দেশগুলো থেকে আসা মুসলিম সম্প্রদায়কে তাড়ানো হবে বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা।
বৃহস্পতিবার বিজেপির জাতীয় সম্পাদক রাহুল সিনহা এক বিবৃতিতে বলেন, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানসহ অন্যান্য রাষ্ট্র থেকে আসা মুসলিম সম্প্রদায়ের লোকজন এখানে অনুপ্রবেশ করেছে। তারা বিনা অনুমতিতে প্রবেশ করেছে এবং বহাল তবিয়তে আছে। এখানে রেশন কার্ড ও ভোটার লিস্টে নাম তুলে ভারতীয় সেজে বাস করছে তারা। এদের চিহ্নিত করে এবার এদেশ থেকে বিতাড়িত করা হবে। অন্যদিকে তিনি ভারতের মুসলিম সম্প্রদায়ের পাশেও দাঁড়িয়েছেন।
বিজেপির কলকাতা সদর দফতর থেকে এই নেতা বলেন, যারা ভারতীয় মুসলমান তারা আমাদের সমান মর্যাদা সম্পন্ন নাগরিক। তাদের নাগরিকত্বে কোনও কাটছাট হবেনা। ভারতীয় মুসলমান আর হিন্দু সম্প্রদায়ের লোক যারা আছেন এরা সবাই ভারতীয় নাগরিক। এদের মধ্যে কোনও ভেদাভেদ নেই।
