
আন্তর্জাতিক ডেস্ক :
জমিয়তে উলামায়ে ইসলাম (জেইউআই-এফ) এর প্রধান মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে রবিবার বিকেলে পাকিস্তানে শুরু হয়েছে আজাদি মার্চ। করাচির সোহরাব গোথ অঞ্চল থেকে মার্চটি ইসলামাবাদ অভিমুখে যাত্রা করেছে।
এই মার্চে আরও অংশগ্রহণ করেছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), পাকিস্তান মুসলিম লীগ নেওয়াজ (পিএমএল-এন), আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি) এবং অন্যান্য রাজনৈতিক দল।
এতে জেইউআই-এফ নেতার পাশাপাশি ছিলেন পিপিপির নেতা রেজা রব্বানি এবং সাঈদ গনি। পিএমএল-এন নেতা মুহাম্মদ যুবায়ের এবং নিহাল হাশমি। এএনপির শাহী সৈয়দ এবং অন্যান্য রাজনৈতিক শীর্ষস্থানীয় নেতারা।
মার্চে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে মাওলানা ফজলুর রহমান বলেন, ৩১ অক্টোবর আমি ইসলামাবাদে ভবিষ্যত কর্মসূচি ঘোষণা করব। এসময় তিনি মার্চে অংশগ্রহণ করায় রাজনৈতিক নেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, যেভাবে সবাই আমাকে স্বাগত জানিয়েছে, তারা আসলে পুরো জাতিকে প্রশংসিত করেছে। এই জনসমুদ্র নিয়ে আমরা তেহরিকে ইনসাফের শাসকদের খড়ের মতো সরিয়ে দিতে ইসলামাবাদে পৌঁছে যাব।
জেইউআই-এফ বেলুচিস্তানের প্রধান মাওলানা আবদুল ওয়াসি সাংবাদিকদের বলেন, বর্তমান শাসকদের অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যাব।
পিপিপি নেতা আলি মাদাদ বলেছেন, প্রধানমন্ত্রীর পদত্যাগ অবধি আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
রাকিব
