আন্তর্জাতিক ডেস্ক :
বৃষ্টিতেও হার মানছে না পাকিস্তানের আজাদী মার্চ। বুধবার থেকে ভারী বৃষ্টিপাত এবং বৈরী আবহাওয়া নিয়ে কোনো অভিযোগ নেই মার্চে অংশগ্রহণকারীদের। বরং তারা এটাকে রহমত হিসেবেই দেখছেন।
ডনের খবরে বলা হয়েছে, মেট অফিস জিরো পয়েন্টে গতকাল ২০ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করেছে। আর জিরো পয়েন্ট প্রতিবাদের স্থান এইচ-৯ এর কাছাকাছি।
মুলতান থেকে আজাদী মার্চে এসেছেন ৩৫ বছর বয়সী মহিজুর রহমান। তিনি বলেন, বৃষ্টিপাত শুরু হলে আমাদের একটু সমস্যা হয়। তবে যেখানে ছিলাম, সেখানেই অবস্থান করছিলাম। পরে মঞ্চ থেকে বলা হলো, যাদের তাবু নেই তারা যেন আন্ডারগ্রাউন্ড স্টেশনে চলে যায়। তাই আমরা স্টেশনে চলে এসেছি।
আমের আলী বলেন, সিডিএ কর্মীরা পানি নিষ্কাশন করছেন এবং আবর্জনা অপসারণ করছেন। তবে বৃষ্টি আমাদের দমাতে পারবে না। এটা আমাদের জন্য রহমতস্বরূপ। প্রধানমন্ত্রীর পদত্যাগ করাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

প্রবল বৃষ্টিপাত শুরু হলে মার্চে অংশগ্রহণকারীদেরকে জমিয়তের পক্ষ থেকেই তাবু দেয়া হয়। কিন্তু দলের দেয়া তাবুতে সবার সংকুলান হয়নি। ফলে অনেকেই রান্নার চুলা, ব্রিফকেস নিয়ে চলে গেছেন আন্ডারগ্রাউন্ড স্টেশনে। কেউ কেউ প্লাস্টিকের তাবু কিনে নিয়েছেন করাচি কোম্পানির কাছ থেকে।
বৃষ্টিপাত এবং ঠাণ্ডা আবহাওয়ার কারণে রাস্তায় জনসমাগম খুব না হলেও সবাই তাবুতে অপেক্ষা করছেন। এই বৃষ্টিতে ধৈর্য ধরার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন মাওলানা ফজলুর রহমান।
উল্লেখ্য, গতকাল প্রধানমন্ত্রী ইমরান খান তার এক টুইট বার্তায় সিডিএ চেয়ারম্যানকে প্রতিবাদের স্থান পরিদর্শন করে বৈরী আবহাওয়ায় তাদের কী কী ত্রাণ দেয়া যায়, তা খতিয়ে দেখতে বলেছেন।
রাকিব
