নেপালের ভূখণ্ডকে নিজেদের নতুন মানচিত্রে অন্তর্ভুক্ত করলো ভারত

নেপালের ভূখণ্ডকে নিজেদের নতুন মানচিত্রে অন্তর্ভূক্ত করলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের নতুন মানচিত্রের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে নেপাল। নেপালের দাবি, স্পষ্টভাবে কাঠমান্ডুর অধিকৃত এলাকাকে মানচিত্রে নিজেদের এলাকা হিসেবে চিহ্নিত করেছে ভারত।

গত শনিবার জম্মু এবং কাশ্মীরকে আলাদা দু’টি প্রশাসনিক এলাকা হিসেবে চিহ্নিত করে মানচিত্রটি প্রকাশ করে ভারত। যেখানে ভারত সীমান্তের শেষ দেখানো হয়েছে দুই দেশের বিবাদমান এলাকা কালাপানিকে।

বুধবার (৬ নভেম্বর) নেপালের পররাষ্ট্র মন্ত্রণলায়ের এক বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘আন্তর্জাতিক সীমান্তের সুরক্ষায় নেপাল প্রতিশ্রুতিবদ্ধ। দুটি বন্ধুভাবাপন্ন রাষ্ট্রের মধ্যে সীমান্ত-সম্পর্কীয় যেকোনো ইস্যু ঐতিহাসিক দলিল ও প্রমাণের ভিত্তিতে কূটনৈতিক উপায়ে সমাধান করা উচিত।’ নেপাল সরকার কোনো একতরফা সিদ্ধান্তকে মেনে নেবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে নেপালের প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা রাজন ভট্টরারি জানিয়েছেন, আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানে চেষ্টা করা হবে। মানচিত্রটির যথার্থতা যাচাই এবং আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিশেষজ্ঞদের মাধ্যমে সীমান্তরেখা পর্যবেক্ষণ করতে হবে। তারপর আমরা কূটনৈতিকভাবে আলোচনা শুরু করবো।

উল্লেখ্য, ১৮১৬ সালে কালি নদীসহ নেপালের পশ্চিমাঞ্চলীয় সীমান্ত ইস্যুতে দুই রাষ্ট্রের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হয়। কিন্তু নদীটির উৎস নিয়ে দীর্ঘদিন ধরে ভারত-নেপালের মধ্যে বিবাদ চলে আসছে। বিগত ৫০ বছরেরও বেশি সময় ধরে কালাপানিতে মোতায়েন রয়েছে ভারতীয় সেনা।

আগের সংবাদ‘সেনাবাহিনীকে রাজনৈতিক ঝামেলায় জড়ানো উচিত নয়’
পরবর্তি সংবাদকাশ্মীর সীমান্তে পাক সেনার গোলায় ভারতীয় সেনা নিহত