আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের উত্তর প্রদেশের অযোধ্যার বাবরি মসজিদ মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সকল রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ১৭ই নভেম্বর ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের অবসর নেয়ার আগেই এ মামলার রায় ঘোষণা করতে পারে দেশটির সুপ্রিম কোর্ট। কয়েক দশক ধরে চলা বাবরি মসজিদ মামলায় সুপ্রিম কোর্টের রায় ঘোষণার আগে বৃহস্পতিবার সব রাজ্যকে সতর্ক থাকতে বলেছে কেন্দ্র সরকার।
রায়কে ঘিরে উত্তরপ্রদেশ, বিশেষ করে অযোধ্যার সংবেদনশীল অঞ্চলগুলোতে নিরাপত্তা নিশ্চিতে প্রায় চার হাজার আধা-সামরিক বাহিনী মোতায়েন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করার নির্দেশনা দিয়ে সকল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। এছাড়াও দেশের কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতেও সতর্ক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে বাবরি মসজিদ মামলার রায়কে কেন্দ্র করে যে কোনো রকমের উসকানিমূলক বক্তব্য দেয়া থেকে বিজেপি নেতাদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর রায় মুসলিমদের পক্ষে হবে বলে আশা প্রকাশ করে আদালতের সিদ্ধান্ত মেনে নেয়ার ঘোষণা দিয়েছে জমিয়তে উলেমায়ে হিন্দ।
