ফাতেহ ডেস্ক :
গত এক সপ্তাহ ধরে গুরুতর অসুস্থ আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান,বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সিনিয়র সহ-সভাপতি ও জামিয়া শারঈয়্যাহ মালিবাগের প্রিন্সিপাল শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলী। বর্তমানে তিনি মালিবাগ জামিয়ার পাশে তাঁর নিজ বাসায় অবস্থান করছেন।
জামিয়া মালিবাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মারফত জানা যায়, গতকাল তাঁর স্বাস্থ্যের খোঁজ-খবর নিতে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি মাওলানা মাহফুজুল হক, মাওলানা মামুনুল হকসহ দেশের শীর্ষ ওলামায়ে কেরাম তাঁর বাসায় যান। এ সময় আল্লামা আশরাফ আলীর সুস্থতা ও নেক হায়াতের জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, এর আগে ২৭ অক্টোবর বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) মহাপরিচালক অধ্যাপক মাওলানা যোবায়ের আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেও আল্লামা আশরাফ আলীর সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়।
