বাংলাদেশে বন্ধ থাকলেও মালদ্বীপে ঠিকই পেঁয়াজ রপ্তানি অব্যাহত রেখেছে ভারত

বাংলাদেশে বন্ধ থাকলেও মালদ্বীপে ঠিকই পেঁয়াজ রপ্তানি অব্যাহত রেখেছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক :

ঘাটতির কারণে বাংলাদেশকে পেঁয়াজ না দিলেও মালদ্বীপে ঠিকই পেঁয়াজ রপ্তানি পূর্বের মতো অব্যাহত রেখেছে ভারত। নিজের দেশে ঘাটতি থাকায় ‘আমদানি করে’ মালদ্বীপে পেঁয়াজ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের জন্য ভারতের ওপর সম্পূর্ণ নির্ভরশীল মালদ্বীপ। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, দেশে পেঁয়াজের সংকট থাকা সত্ত্বেও মালদ্বীপে পেঁয়াজ রপ্তানি করবে ভারত। এতে পরিমাণেরও কোনো হেরফের হবে না। আগে দেশটিতে যে পরিমাণ পেঁয়াজ রপ্তানি হতো সেই পরিমাণই রপ্তানি করা হবে পেঁয়াজ।

মালদ্বীপে নিযুক্ত ভারতীয় মিশন রোববার এক টুইট বার্তায় জানায়, ‘আমরা আমাদের বন্ধু মালদ্বীপকে আশ্বস্ত করতে চাই যে, টানা দাম বৃদ্ধি ও দেশে এক লাখ টন পেঁয়াজের ঘাটতি থাকা সত্ত্বেও মালদ্বীপে পেঁয়াজ রপ্তানি করতে চায় ভারত।’

ভারতে রান্নার নিত্য অনুষঙ্গ পেঁয়াজের ব্যাপক ঘাটতি রয়েছে। চাহিদা মেটাতে আফগানিস্তান, তুরস্ক, ইরান ও মিশর থেকে পেঁয়াজ আমদানি করতে হয় ভারতকে।

সূত্র বলছে, শুধু পেঁয়াজই নয়, সব ধরনের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র মালদ্বীপে রপ্তানি অব্যাহত রাখবে ভারত। চাহিদা মেটাতে এক লাখ টন পেঁয়াজ আমদানি অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন ভারতের খাদ্যমন্ত্রী রাম বিলাস পাসওয়ান।

আগের সংবাদ‘ভারতের ধর্মনিরপেক্ষ দলগুলো মুসলমানদের ধোঁকা দিয়েছে’
পরবর্তি সংবাদবিক্ষুব্ধ ইরাক ও লেবানন : আরব বসন্ত ফিরে আসছে?