ফাতেহ ডেস্ক :
২০২০ সালের হজ চুক্তি করতে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধি দল সৌদি আরব যাচ্ছেন। দুই দেশের মন্ত্রীপর্যায়ে বৈঠকে দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষর হবে আগামী ১ ডিসেম্বর।
হজ চুক্তি অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে ধর্ম প্রতিমন্ত্রীসহ থাকবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, ধর্ম সচিব, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (হজ), বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক সচিব, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত ও কাউন্সিলর হজ, হাব প্রতিনিধিসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। সৌদি সরকারের পক্ষে থাকবেন সৌদি হজ মন্ত্রী ড. সালেহ তাহের বিন বানতেন, সৌদি হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
চুক্তির পর জানা যাবে ২০২০ সালে বাংলাদেশ থেকে মোট কতজন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যেতে পারবেন।
উল্লেখ্য, কয়েক বছর ধরে বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজপালনের সুযোগ পেয়ে আসছেন। দীর্ঘদিন ধরে বাংলাদেশের অনুকূলে হজ কোটা বাড়ানোর জন্য সৌদি আরবের প্রতি আহবান জানানো হচ্ছে। ধারণা করা হচ্ছে, এবার পাঁচ হাজার জনের কোটা বাড়াতে পারে সৌদি আরব।
