মাওলানা আতীক উল্লাহর সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করলো তার পরিবার

মাওলানা আতীক উল্লাহর সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করলো তার পরিবার

ফাতেহ ডেস্ক :

ইসলাম বিষয়ক লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও শিক্ষক মাওলানা আতীক উল্লাহর সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন আয়োজিত হয়।

মাওলানা আতীক উল্লাহ রাজধানীর আদাবরে অবস্থিত মাদরাসাতুল কুরআনিল কারিমের প্রতিষ্ঠাতা পরিচালক হবার পাশাপাশি অভিজ্ঞ ও মেধাবী একজন তরুণ আলেম। শিক্ষকতার পাশাপাশি লেখালেখি ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় ছিলেন।

সংবাদ সম্মেলনে নিখোঁজ মাওলানা আতীক উল্লাহর ছোট ভাই এমদাদ উল্লাহ লিখিত বক্তব্যে বলেন, গত ৪ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় সায়েন্সল্যাব মোড় থেকে বাড্ডায় যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন মাওলানা আতীক উল্লাহ। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিকট আত্মীয় স্বজন ও পরিচিত জায়গায় খোঁজ-খবর নিয়ে না পেয়ে ৫ অক্টোবর আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইন প্রয়োগকারী সংস্থার কাছে নিখোঁজ মাওলানা আতীক উল্লার সন্ধানে সহযোগিতা কামনা করেন তার ছোট ভাই এমদাদ উল্লাহ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আয়েজ বিল্লাহ, আমাতুর রউফ, আমাতুর রহমান, বৃদ্ধা মা মনছুরা তাহের, বড় ছাই নেয়াজ উল্লাহ রিপন।

উল্লেখ্য, মাওলানা আতীক উল্লাহ রাজধানীর আদাবরে মাদরাসাতুল কুরআনিল কারীম প্রতিষ্ঠার আগে বেশ কিছুদিন মাওলানা আবু তাহের মেসবাহ (আদীব হুজুর) পরিচালিত রাজধানীর কামরাঙ্গীর চরে মাদরাসাতুল মদীনায় শিক্ষকতা করেছেন। তার আগে চট্টগ্রামের জামিয়া পটিয়া থেকে দাওরায়ে হাদিস পাশ করার পর আরবি সাহিত্য বিষয়ে বেশ কিছুদিন গবেষণা করেছেন। একজন ভালো আলেম ও শিক্ষক হবার পাশাপাশি কুরআন গবেষণায় তাঁর বিশেষ দক্ষতা রয়েছে। বাংলাভাষায় লেখালেখিতেও তিনি দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন। এ পর্যন্ত তাঁর লিখিত ২১টির মতো গ্রন্থ প্রকাশিত হয়েছে। তাঁর গ্রামের বাড়ি পার্বত্য চট্টগ্রামের পানছড়ি উপজেলা সদরে।

আগের সংবাদইসরাইলকে আগ্রাসন ও দখলদারিত্বের মনোভাব ত্যাগের আহ্বান জানালো তুরস্ক
পরবর্তি সংবাদরবিউল আউয়াল উপলক্ষে ইসলামি প্রকাশনীগুলোর যত আয়োজন