আন্তর্জাতিক ডেস্ক :
উইঘুর এবং কাজাখসহ অন্যান্য অঞ্চলের প্রায় ১ মিলিয়ন মুসলিম সংখ্যালঘুকে বন্দী শিবিরে আটক করার বিষয়ে চীন সরকারের ৪০০ পৃষ্ঠার একটি গোপন নথি ফাঁস করে দিয়েছে মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস। দীর্ঘ এই নথিকে চীনের সরকারি কাগজপত্রের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ফাঁস হিসেবে অভিহিত করেছে পত্রিকাটি।
চারশ পৃষ্ঠার এই নথিতে ২০০ পৃষ্ঠাজুড়ে রয়েছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং অন্যান্য সরকারি কর্মকর্তাদের বক্তৃতা। ১৫০ পৃষ্ঠাজুড়ে রয়েছে উইঘুর সম্প্রদায়ের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ সম্পর্কীয় বিভিন্ন আলোচনা।
ফাঁস হওয়া নথিতে দেখা যায়, রেল স্টেশনে উইঘুর সশস্ত্র গোষ্ঠীর ছুরি হামলার পর ২০১৪ সালে চীনা কর্মকর্তাদের দেয়া এক গোপন বক্তৃতায় উইঘুরদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেয়ার ইঙ্গিত দেন। বক্তৃতায় তিনি স্বৈরতন্ত্রের লজিক ব্যবহার করে সন্ত্রাসবাদ, অনুপ্রবেশকারী এবং বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানান। পাশাপাশি উইঘুরদের প্রতি বিন্দুমাত্র করুণা না দেখানোরও নির্দেশ দেন।
নথিতে আরও দেখা গেছে, ২০১৬ সালের আগস্টে চীনের এই উত্তর-পশ্চিমাঞ্চলে নতুন পার্টি নেতা চেন কোয়াঙ্গুও নিযুক্ত হওয়ার পর বন্দী শিবির বৃদ্ধি পায়। তিনি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বক্তৃতার নির্দেশনাকে অক্ষরে অক্ষরে পালন করেছিলেন।
আটক স্বজনদের খু্ঁজতে এলে কাকে কেমন জবাব দেয়া হবে এই বিষয়েও নির্দেশনা ছিলো নথিটিতে।
সূত্র : দ্য গার্ডিয়ান, এবিসি নিউজ
